বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
ইসরায়েলি বাহিনীর অভিযানের সময় হামাসের কাছে জিম্মিদের মধ্যে আরো চারজনের মৃত্যু হয়েছে অনলাইন ডেস্ক:: ইসরায়েলি বাহিনীর অভিযানের সময় হামাসের কাছে জিম্মিদের মধ্যে আরো চারজনের মৃত্যু হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী মৃত্যুর খবর নিশ্চিত করেছে। গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর অভিযানের সময় এই চারজনের মৃত্যু হয়। বর্তমানে তাদের মরদেহ হামাসের জিম্মায় আছে।
নিহত চারজন হলেন- ব্রিটিশ-ইসরায়েলি নাদাভ পোপেলওয়েল (৫১), চেইম পেরি (৭৯), ইয়োরাম মেতজার (৮০) এবং আমিরাম কুপার (৮৫)। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেন, কয়েক সপ্তাহ ধরে সংগ্রহ করা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই চার ব্যক্তির মৃত্যুর খবর জানা গেছে। তবে বিস্তারিত কিছু জানাননি তিনি।
জিম্মি এবং নিখোঁজদের পরিবার ফোরাম এক বিবৃতিতে জানিয়েছে, এই মৃত্যুর খবর শোনার পর প্রত্যেক নেতাকে গভীর আত্ম-অনুসন্ধান করা উচিত।
চেইম, ইয়োরাম, আমিরাম এবং নাদাভকে জীবিত অপহরণ করা হয়েছিল, তারা অন্য জিম্মিদের সঙ্গে ছিল, যারা আগের চুক্তিতে মুক্তি পেয়েছিল। এই চারজনেরও তাদের দেশে এবং তাদের পরিবারের কাছে জীবিত ফিরে আসা উচিত ছিল।
বিবিসির খবরে বলা হয়েছে, নাদাভসহ বাকি তিনজনকে গত বছরের ৭ অক্টোবর গাজার পাশের কিবুতজেস এলাকা থেকে জিম্মি করেছিল হামাস। হামাস গত মাসে দাবি করেছিল, গাজা উপত্যকায় গত এপ্রিলে ইসরায়েলি হামলায় নাদাভ পোপেলওয়েল নামে এক জিম্মির মৃত্যু হয়েছে।
ওই সময় যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর জানায়, হামাসের এমন দাবি তদন্ত করে দেখা হচ্ছে। যদিও পরে আর কখনোই ব্রিটিশ-ইসরায়েলি নাদাভ পোপেলওয়েলের মৃত্যুর খবর নিশ্চিত করে জানানো হয়নি।
ইসরায়েলে হামাসের হামলার জবাবে গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। সেই থেকে যুদ্ধ চলছে। গাজা এখন যেন ধ্বংস নগরীতে রূপ নিয়েছে। প্রাণ গেছে ৩৬ হাজারের বেশি মানুষের।
সূত্র : আলজাজিরা