মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

ইলন মাস্ককে যে দায়িত্ব দিলেন ট্রাম্প প্রশাসন

ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক:: বিলিয়নিয়ার ইলন মাস্ক ও প্রযুক্তি উদ্যোক্তা বিবেক রামাস্বামীকে নতুন গঠিত মন্ত্রণালয় ‘সরকারি দক্ষতা বিভাগের’ দায়িত্ব দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গতকাল মঙ্গলবার এবারের নির্বাচনে দুই বড় সমর্থককে এই দায়িত্ব দেওয়ার ঘোষণা দেন তিনি।

এক বিবৃতিতে ট্রাম্প বলেছেন, ‘মাস্ক ও বিবেক আমার প্রশাসনের জন্য সরকারি আমলাতন্ত্র ভেঙে ফেলার পথ তৈরি করবেন, অতিরিক্ত নিয়মনীতি কমাবেন, অপচয়জনিত ব্যয় হ্রাস করবেন এবং কেন্দ্রীয় সংস্থাগুলোকে পুনর্গঠন করবেন।’

তিনি জানান, নতুন এই মন্ত্রণালয়টি মার্কিন সরকারের বাইরের দিক থেকে পরামর্শ ও নির্দেশনা প্রদান করবে। তাদের কাজ ২০২৬ সালের ৪ জুলাই শেষ হবে।

মূলত একে আমেরিকার স্বাধীনতা ঘোষণার ২৫০তম বার্ষিকীতে একটি উপহার হিসেবে দেওয়ার কথা বলেছেন ট্রাম্প।

একসঙ্গে জনসভা করার পাশাপাশি ইলন মাস্ক ট্রাম্পের প্রেসিডেন্ট প্রচারণায় লাখ লাখ ডলারও সহায়তা দিয়েছেন। ট্রাম্প তাই কৃতজ্ঞ চিত্তে বলেছিলেন, ‘মাস্ককে তার প্রশাসনে বড় ভূমিকা দেবেন যাতে সরকারি দক্ষতা বৃদ্ধি পায়।’

অন্যদিকে, বিবেক রামাস্বামী ফার্মাসিউটিক্যাল কোম্পানির প্রতিষ্ঠাতা। তিনি নিজেও শুরুতে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থিতার জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে পরবর্তীতে নিজের সেই প্রার্থিতা বাতিল করে নির্বাচনে ট্রাম্পকে সমর্থন দেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com