সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

ইমরান খানের ৩ বছরের সাজা স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ অনলাইন:: তোশাখানা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে দেওয়া ৩ বছরের সাজা স্থগিত করেছেন ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি)।

মঙ্গলবার (২৯ আগস্ট) প্রধান বিচারপতি আমির ফারুক ও বিচারপতি তারিক মেহমুদ জাহাঙ্গীরির সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ বহুল প্রত্যাশিত এই রায় ঘোষণা করেন।

ইমরান খানের আইন বিষয়ক সহকারী নাঈম হায়দার পাঞ্জোথার বরাত দিয়ে পাকিস্তানের গণমাধ্যম ডন এ তথ্য নিশ্চিত করেছে।

গত ৫ আগস্ট সরকারি কোষাগার তোশাখানার মালামাল নিয়ে দুর্নীতি করার অভিযোগে ইসলামাবাদের একটি জেলা ও দায়রা আদালত তাকে তিন বছরের কারাদণ্ড ও ১ লাখ রুপি জরিমান করেন। এছাড়া তাকে যে কোনো নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে অযোগ্য ঘোষণা করেন।

এ ছাড়া রায়ে তাকে ৫ বছরের জন্য সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অযোগ্য ঘোষণা করা হয়। পরে ইমরান হাইকোর্টে আপিল করেন।

দোষী সাব্যস্ত করা বিচারিক আদালতের বিচারকদের কাছে মামলাটি ফেরত পাঠানোর কারণে আইএইচসির সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টের (এসসি) কাছেও গিয়েছিলেন।

গত সপ্তাহে সুপ্রিম কোর্ট যদিও ইমরানের দোষী সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে ‘প্রক্রিয়াগত ত্রুটির’ কথা স্বীকার করে। তবে ইমরানের আবেদনের বিষয়ে আইএইচসি সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা হয়।

আদালতের পর্যবেক্ষণে পাকিস্তান বার কাউন্সিলের ক্ষোভের প্রসঙ্গ টানা হয়। সেখানে বলা হয়, অধস্তন বিচার বিভাগের সামনে বিচারাধীন বিষয়ে কোনো ‘হস্তক্ষেপ’ করা উচিত নয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com