মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

ইউক্রেনের আরও দুটি গ্রাম রাশিয়ার দখলে

ইউক্রেনের আরও দুটি গ্রাম রাশিয়ার দখলে

আন্তর্জাতিক ডেস্ক:: ইউক্রেনে একের পর এক এলাকা নিয়ন্ত্রণ নিচ্ছে রাশিয়া। বুধবার (১৬ অক্টোবর) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পূর্ব ইউক্রেনের দোনেস্ক এবং লুহানস্ক অঞ্চলের আরও দুটি গ্রামের দখল নিয়েছে তারা।

তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, রুশ বাহিনী কয়েক মাস ধরে পূর্ব ইউক্রেনে এগিয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে মস্কোর সবচেয়ে বড় সাফল্য গত ১ অক্টোবর ইউক্রেনের কৌশলগত ভুহলেদার শহর দখল নেওয়া, যা আরও অগ্রগতির পথ খুলে দিয়েছে।

গতকাল বুধবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি বিবৃতিতে দাবি করেছে, তাদের বাহিনী ক্রাসনি ইয়ার গ্রাম দখল করেছে। দখলকৃত মাইখাইলিভকা গ্রামটি গুরুত্বপূর্ণ শহর পোকরভস্ক থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে অবস্থিত।

পোকরভস্ক শহরটি রাশিয়ার সীমান্তবর্তী দোনেৎস্ক অঞ্চলে ইউক্রেনের সেনাবাহিনীর জন্য একটি মূল রসদ কেন্দ্র হিসাবে কাজ করে।

বিবৃতিতে আরও দাবি করা হয়, তারা লিমান শহরের প্রায় ২৪ কিলোমিটার দূরে অবস্থিত লুহানস্ক অঞ্চলের নেভস্কে গ্রামের নিয়ন্ত্রণও নিয়েছে।

ইউক্রেনীয় কর্তৃপক্ষ গ্রাম হারানোর বিষয়ে এখনো পর্যন্ত মুখ খুলেনি।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত মাসে বলেছেন, মস্কো ইউক্রেনের দনবাস অঞ্চল দখল করাকে অগ্রাধিকার দিচ্ছে। যার মধ্যে রয়েছে পূর্ব ইউক্রেনের লুহানস্ক এবং দোনেৎস্ক অঞ্চল।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com