শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:০০ অপরাহ্ন

আ.লীগকে কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না: শফিকুল আলম

আ.লীগকে কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না: শফিকুল আলম

অনলাইন ডেস্ক, একুশের কণ্ঠ:: জুলাই-আগস্ট গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক কর্মসূচি করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। একইসঙ্গে নারকীয় হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (২৯ জানুয়ারী) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে এক প্রশ্নের উত্তরে শফিকুল আলম এসব কথা বলেন।

আগামী ফেব্রুয়ারি মাসে আওয়ামী লীগ রাজনৈতিক কর্মসূচি দিয়েছে। এ বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে শফিকুল আলম বলেন, অন্তর্বর্তী সরকার বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করে। আমরা দেশকে সহিংসতার দিকে ঠেলে দেওয়ার কোনো ধরনের প্রচেষ্টাকে সুযোগ দেব না।

তিনি বলেন, খুনিরা কোনো প্রতিবাদ সমাবেশ করলে তার বিরুদ্ধে কঠিন জবাব দেবে বাংলাদেশের জনগণ। আওয়ামী লীগকে রাজনীতি করতে হলে অবশ্যই গণহত্যার বিচারের মুখোমুখি হতে হবে এবং তাদের প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তাদের ক্লিন ইমেজ নিয়ে আসতে হবে।

অন্য এক প্রশ্নের উত্তরে প্রেস সচিব বলেন, আওয়ামী লীগের গণহত্যার জন্য কোনো নেতা বা কর্মী কি অনুতপ্ত? তারা কি এ জন্য কমা চেয়েছে? কী হত্যাযজ্ঞ হয়েছে আপনারা দেখেছেন। ৭১ জন শিশুকে হত্যা করা হয়েছে। হেলিকপ্টার দিয়ে তাদের ওপর গুলি চালানো হয়েছে। একজনও এ জন্য অনুতপ্ত বা ক্ষমা চেয়েছে? চায়নি।

শফিকুল আলম বলেন, আওয়ামী লীগের কেউ এসে বলেছে হাসিনার এই কিলিং আমরা মানি না। আমরা একটা ক্লিন ইমেজের লিডারশিপ চাই। একজনও কিন্তু বলেনি। বরং অনেকেই মিথ্যা কথা বলছে, গুজব ও প্রোপাগান্ডা ছড়াচ্ছে।

এর আগে বুধবার বিকালে শফিকুল আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে হুঁশিয়ারি উচ্চারণ করেন যে, আওয়ামী লীগের পতাকাতলে কেউ যদি অবৈধ বিক্ষোভ করার সাহস করে, তবে তাকে আইনের মুখোমুখী হতে হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com