বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

আমীর খসরু ও তার স্ত্রীসহ পাঁচজনের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক, ই-কণ্ঠ অনলাইন ডেস্ক:: প্লট জালিয়াতি ও নকশা বহির্ভূতভাবে ঢাকার বনানীতে হোটেল তৈরির অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও তার স্ত্রীসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলায় অন্য আসামিরা হলেন- আমীর খসরুর স্ত্রী তাহেরা খসরু আলম, আমীর খসরুর ভায়রা ভাই হোটেল সারিনার চেয়ারম্যান গোলাম সরোয়ার, তার স্ত্রী হোটেল সারিনার ব্যবস্থাপনা পরিচালক সাবেরা সরোয়ার (নীনা) ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নকশা অনুমোদন শাখার বিল্ডিং ইন্সপেক্টর আওরঙ্গজেব নান্নু।

সোমবার দুদকের উপ-পরিচালক সেলিনা আখতার বাদী হয়ে এই মামলা দায়ের করেন বলে এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন কমিশন সচিব মাহবুব হোসেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পরের যোগসাজশে বনানী এলাকার ১৭ নং রোডের ২৭ নং প্লটটি ডেভেলপ করার নামে উক্ত প্লটের সঙ্গে পার্শ্ববর্তী ২৫ নং প্লট ক্রয় পূর্বক অনুমোদিত নকশা না মেনে উভয় প্লটে যথাক্রমে ২২ তলা ও ২১ তলা ভবন নির্মাণ শেষে পাঁচতারকা হোটেল সারিনা পরিচালনা করে আসছেন।

আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/১০৯/৪৬৭/৪৬৮/৪৭১/৪২০ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইন (২নং আইন) এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com