বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
আমিরাতে সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশিকে ক্ষমা একুশের কণ্ঠ ডেস্ক:: সংযুক্ত আরব আমিরাতে সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করে দিয়েছে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।
বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনে সংহতি জানিয়ে গ্রেপ্তার হয়েছিলেন এসব প্রবাসী বাংলাদেশি।
বাংলাদেশ মিশনের ডেপুটি চিফ মোহাম্মদুর মিজানুর রহমানের সই করা এক নথি থেকে জানা গেছে, দুবাইয়ে বাংলাদেশি আইনজীবী ব্যারিস্টার ওলোরা আফরিন বিনা খরচে (প্রো বোনো) কারাবন্দি ৫৭ বাংলাদেশিকে মুক্ত করতে আইনি সহায়তা দিয়েছেন।
ফাউন্ডেশন ফর ল’ অ্যান্ড ডেভেলপমেন্টের (ফ্লাড) পক্ষ থেকেও এসব বাংলাদেশিকে আইনি সহায়তা দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানের পক্ষে আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ ৫৭ জনের নাম-ঠিকানা নিয়েছেন।
বাংলাদেশের ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে গত ১৯ জুলাই সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিরা বিক্ষোভ করেন। পরে আবুধাবির ফেডারেল কোর্ট অব আপিল ৫৭ জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।
অনুমতি ছাড়া সংযুক্ত আরব আমিরাতে যেকোনো ধরনের বিক্ষোভ নিষিদ্ধ। তাই আইন ভঙ্গ করায় ৫৭ বাংলাদেশির মধ্যে তিনজনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং একজনকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়।