শুক্রবার, ১২ Jun ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

আজ থেকে সুপ্রিম কোর্টের নিরাপত্তায় কড়াকড়ি, কখন বন্ধ কোন গেট

অনলাইন  নিউজ ডেস্ক ॥ ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনার জের ধরে সুপ্রিম কোর্টে প্রবেশের বিভিন্ন পথসহ সর্বোচ্চ এই আদালত প্রাঙ্গণে আজ রবিবার থেকে নিরাপত্তা ব্যবস্থা কড়াকড়ি করা হচ্ছে।

শনিবার সুপ্রিম কোর্ট প্রশাসন এ তথ্য জানায়। সিদ্ধান্ত অনুযায়ী, সুপ্রিম কোর্টে প্রবেশের মূল ফটক আজ সকাল সাড়ে ১০টার পর থেকে বন্ধ থাকবে। তবে সার্বক্ষণিক খোলা থাকবে মাজার গেট।

সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত থোলা থাকবে জাজেস স্পোর্টস কমপ্লেক্সসংলগ্ন মসজিদ গেট। বাংলাদেশ বার কাউন্সিলসংলগ্ন গেট দিয়ে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে শুধু গাড়ি বের হতে পারবে। তবে এ গেট দিয়ে কোনো গাড়ি ভেতরে প্রবেশ করতে পারবে না। এ ছাড়া বাংলা একাডেমির বিপরীত পাশে অবস্থিত গেটটি সার্বক্ষণিক বন্ধ থাকবে।

গত বৃহস্পতিবার দুপুরে রাজধানীর দোয়েল চত্বরসহ আশপাশের এলাকায় ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ হয়। তখন সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ছাত্রদলের নেতাকর্মীদের পিটিয়ে রক্তাক্ত করে ছাত্রলীগ। হামলার শিকার হন তিনজন আইনজীবীও। এর পাশাপাশি আইনজীবী তৈমুর আলম খন্দকারের গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনার পরপরই সুপ্রিম কোর্ট প্রশাসন নিরাপত্তায় নিয়োজিত সংশ্লিষ্টদের নিয়ে বৈঠকে বসে। নিরাপত্তা বিষয়ে জ্যেষ্ঠ বিচারপতিদের নিয়ে আলোচনায় বসেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। সভা শেষে বিভিন্ন নির্দেশনা দেন তিনি।

এরপর শনিবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. বজলুর রহমানের নেতৃত্বে সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তা ও নিরাপত্তায় নিয়োজিত ব্যক্তিরা আদালত প্রাঙ্গণের বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এরপর ওই কড়াকড়ির সিদ্ধান্ত আসে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com