শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

আগরতলা অভিমুখে বিএনপির ৩ সংগঠনের লংমার্চ শুরু

আগরতলা অভিমুখে বিএনপির ৩ সংগঠনের লংমার্চ শুরু

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে বিএনপির তিন সংগঠন যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আগরতলার অভিমুখে আখউড়ার উদ্দেশে লংমার্চ শুরু করেছে।

বুধবার (১১ ডিসেম্বর) সকাল ৯টায় যাত্রা শুরু করে লংমার্চের গাড়িবহর। এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

লংমার্চে রয়েছেন যুবদলের সভাপতি এম মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসান, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সস্পাদক নাছির উদ্দীন নাছিরসহ তিন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

যুবদলের সভাপতি এম মোনায়েম মুন্না বলেন, আমরা আমাদের প্রতিবাদ, ক্ষোভ, ক্রোধ জানাতে এই শান্তিপূর্ণ লংমার্চ করছি। আমরা আখউড়া পর্যন্ত যাব, সেখানে সমাবেশের মধ্য দিয়ে আমাদের এই কর্মসূচি আমরা শেষ করব।

লংমার্চে তিনটি সংগঠনের হাজার হাজার নেতাকর্মী মাইক্রোবাস, প্রাইভেটকার নিয়ে এই লংমার্চে অংশ নিচ্ছেন। কাকরাইলের নাইটিঙ্গেল রেস্টুরেন্টের মোড় থেকে ফকিরাপুলের পেট্রোল পাম্প পর্যন্ত শত শত মাইক্রোবাস ও প্রাইভেটকার রয়েছে সারিবন্ধভাবে। প্রতিটি গাড়িতে লংমার্চের স্টিকার লাগানো হয় এবং গাড়ির সামনে বাংলাদেশের জাতীয় পতাকা ও বিএনপির দলীয় পতাকা ছিল।

লংমার্চটি ইত্তেফাক মোড়, সাইনবোর্ড, চিটাগাং সড়ক রোড়, কাঁচপুর মোড়, তারাবো, ভুলতা, গাউসিয়া, মাধবদী, ইটাখোলা, মরজাল, রারুইচা হয়ে ভৈরবে পথসভা করবে। সেখান থেকে আখাউড়া পৌঁছাবে। সেখানে সমাবেশ করে লংমার্চ শেষ হবে বলে জানান যুব দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে স্বেচ্ছাসেবক দলের রাজীব আহসান ও ছাত্রদলের নাছির উদ্দীন নাছির সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে যুবদলের এম মোনায়েম মুন্না, নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের এসএম জিলানি, নাজমুল হাসান বক্তব্য রাখেন।

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারি হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকা অবমাননারসহ ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে গত ৮ ডিসেম্বর ঢাকার বারিধারায় ভারতের হাইকমিশন অভিমুখে প্রতিবাদী পদযাত্রা ও স্মারকলিপি দেয় যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের নেতারা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com