বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:২১ অপরাহ্ন
রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ওপর গুলির ঘটনার পর এ ধরনের রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়ে এগুলো বন্ধ করতে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ।
বাইডেন বলেন, ‘যুক্তরাষ্ট্রে এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই । এটা অসুস্থ মানসিকতা । সবার উচিত এ ঘটনার নিন্দা জানানো ।’
টেলিভিশনে প্রচারিত ওই বক্তব্যে বাইডেন তাঁর নির্বাচনী প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের সুস্থতাও কামনা করেছেন ।
গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় নির্বাচনী প্রচার চালাতে গিয়েছিলেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প ।
সন্ধ্যা সোয়া ছয়টার দিকে ট্রাম্প যখন সবে সমর্থকদের সামনে বক্তৃতা দেওয়া শুরু করেছেন, তখনই পাশের একটি ভবনের ছাদ থেকে তাঁকে লক্ষ্য করে একাধিকবার গুলি ছোড়া হয় । একটি গুলি ট্রাম্পের ডান কানে বিদ্ধ হয় । আহত হলেও তাঁর অবস্থা গুরুতর নয় বলে জানা গেছে ।
পরে নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, গুলিতে তাঁর ডান কানের ওপরের অংশে ছিদ্র হয়ে গেছে ।
গুলি ছোড়ার ঘটনার পরপরই সন্দেহভাজন হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন । ট্রাম্পের একজন সমর্থকও ঘটনার সময় নিহত হয়েছেন বলে জানিয়েছেন জেলা অ্যাটর্নি রিচার্ড গোলডিঞ্জার ।