সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

অভিনেত্রী অহনার অবস্থা সংকটজনক

বিনোদন ডেস্ক::

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেত্রী অহনা রহমানের শারীরিক অবস্থা সংকটজনক। রাজধানীর উত্তরার ক্রিসেন্ট হাসপাতাল থেকে তাকে গতকাল মঙ্গলবার বসুন্ধরার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্র: ইত্তেফাক।

এ বিষয়ে অহনার খালাতো বোন লিজা ইয়াসমীন মিতু বলেন, ‘অহনার অবস্থা সংকটজনক। রক্তে জীবাণু ছড়িয়ে গেছে। এমআরআই করাতে হবে। তাই চিকিৎসকের পরামর্শে আমরা তাকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে এসেছি। শরীরে তার ব্যথা একদম কমছে না। সবাই তার জন্য দোয়া করবেন।’

এ দিকে, অহনা রহমান সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার ঘটনায় করা মামলায় গ্রেফতার ট্রাকচালক সুমন মিয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তিনি বলেছেন, গত ৯ জানুয়ারি ভোর ৪টায় পাথরবোঝাই ট্রাকটির চালক ছিলেন তিনি। ওই সময় একটি ব্যক্তিগত গাড়িকে ধাক্কা দেন। এ সময় গাড়িচালক অহনা রহমান গাড়ি চালাচ্ছিলেন। গাড়ি থেকে নেমে তিনি প্রতিবাদ করে তাকে (ট্রাকচালক) নিচে নামতে বলেন। চালক সুমন না শুনে অহনার সঙ্গে তর্কে লিপ্ত হন।

চালক জবানবন্দিতে আরো বলেন, এরপর অহনা রহমান ট্রাকের পাশের দরজায় উঠে ট্রাকচালককে আবারো নামতে বলেন। কিন্তু ট্রাকচালক তার কথা না শুনে তাকে দরজায় ঝুলন্ত অবস্থায় রেখেই ট্রাক ছেড়ে দেন। এ সময় অহনার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে ট্রাকচালক জোরে ব্রেক করেন। এতে ট্রাকটি উল্টে যায়। অহনা ছিটকে রাস্তায় পড়ে আহত হন। এরপর ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে যান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com