শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

অবৈধ সম্পদ ও অর্থপাচারের মামলায় পি কে হালদারসহ ১৪ জনের বিচার শুরু

আদালত প্রতিবেদক, ই-কণ্ঠ অনলাইন:: ভারতে পলাতক অবস্থায় দেশটির ইডির হাতে গ্রেপ্তার প্রশান্ত কুমার ওরফে পি কে হালদারের বিরুদ্ধে সোয়া ৪০০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং কানাডায় অর্থপাচারের মামলায় ঢাকার একটি আদালতে বিচার শুরু হয়েছে।

ঢাকার ১০ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম বৃহস্পতিবার পি কে হালদারসহ ১৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য ২২ সেপ্টেম্বর দিন রেখেছেন।

মামলার আসামিদের মধ্যে গ্লোবাল ইসলামী (সাবেক এনআরবি গ্লোবাল) ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পিকে হালদার ভারতের কারাগারে বন্দি। তাকেসহ ১০ জনকে পলাতক দেখিয়ে এ মামলার কার্যক্রম চলছে।

মামলার অন্য ৯ আসামি হলেন- পিকে হালদারের মা লীলাবতী হালদার, পূর্ণিমা রানী হালদার, উত্তম কুমার মিস্ত্রি, অমিতাভ অধিকারী, প্রীতিশ কুমার হালদার, রাজিব সোম, সুব্রত দাস, অনঙ্গ মোহন রায়, স্বপন কুমার মিস্ত্রি।

পি কে হালদারের সহযোগীদের মধ্যে কারাগারে থাকা বাকি চার আসামি অবন্তিকা বড়াল, শঙ্খ বেপারি, সুকুমার মৃধা ও অনিন্দিতা মৃধাকে আদালতে অভিযোগ পড়ে শোনানো হলে তারা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান। বিচারক তাদের অব্যাহতির আবেদন খারিজ করে অভিযোগ গঠনের আদেশ দেন। এছাড়া সুকুমার ও অনিন্দিতার জামিন আবেদনও নাকচ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com