মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: হরমুজ প্রণালিতে মার্কিন সামরিক বাহিনীর সাম্প্রতিক অভিযানকে ‘ব্যর্থ’ এবং ‘আনাড়ি’ বলে অভিহিত করেছে ইরান। তেহরানের দাবি, মার্কিন হামলায় ধ্বংস নৌকাগুলো সামরিক যান ছিল না, বরং সেগুলো ছিল পণ্যবাহী বেসামরিক নৌকা। এই হামলায় অন্তত পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে ইরানি সংবাদমাধ্যম নিশ্চিত করেছে। খবর আল-জাজিরার।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানায়, মার্কিন হামলার খবরের পর ইরানি কর্তৃপক্ষ একটি তদন্ত পরিচালনা করে। একজন সামরিক কর্মকর্তার বরাত দিয়ে সংস্থাটি জানায়, মার্কিন বাহিনী ওমানের খাসাব উপকূল থেকে ইরানের দিকে আসা দুটি ছোট পণ্যবাহী নৌকার ওপর গুলি চালিয়েছে।
ইরানি কর্মকর্তাদের মতে, আক্রান্ত নৌকাগুলো কোনোভাবেই ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে যুক্ত ছিল না। তাসনিমের প্রতিবেদনে বলা হয়, শত্রুপক্ষের এই হঠকারী আচরণ আসলে আইআরজিসির ‘দ্রুতগতির নৌকা’ নিয়ে মার্কিন সামরিক বাহিনীর চরম আতঙ্ক ও দুঃস্বপ্নেরই বহিঃপ্রকাশ।
গতকাল সোমবার মার্কিন সেন্টাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছিল যে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলে হুমকি সৃষ্টিকারী ইরানের দ্রুতগতির নৌকাগুলোর ওপর মার্কিন বাহিনী হামলা চালিয়েছে। এই অভিযানে সি হক এবং অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার ব্যবহার করে নৌকাগুলো ধ্বংস করা হয়েছে বলে ওয়াশিংটন দাবি করে।
এরপরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বলেন, আমরা সাতটি দ্রুতগতির নৌকা ধ্বংস করেছি। ওদের (ইরানের) আর এটাই অবশিষ্ট ছিল। তবে আজ মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি যুক্তরাষ্ট্রের এই দাবি প্রত্যাখ্যান করল।