সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক:: সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল-আহসা গভর্নরেটে দুটি গাড়ির সংঘর্ষে ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের সাত সদস্য রয়েছেন।

সৌদি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত সাতজন একই গাড়িতে ছিলেন। তাদের মধ্যে স্বামী-স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রয়েছেন। অন্য গাড়িতে থাকা দুই তরুণও দুর্ঘটনায় নিহত হয়েছেন।

পূর্বাঞ্চলীয় ট্রাফিক বিভাগ জানিয়েছে, একটি গাড়ি হঠাৎ দিক পরিবর্তন করায় দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়।

দুর্ঘটনার খবর পেয়ে সিভিল ডিফেন্স ও সৌদি রেড ক্রিসেন্টের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালান। গাড়ির ভেতরে আটকে পড়াদের উদ্ধারে কাজ করেন তারা।

আল-আহসা ও পূর্বাঞ্চলীয় উপকূলীয় এলাকার মধ্যে সংযোগকারী আল-উকাইর-আল-উয়ুন সড়কে এই দুর্ঘটনা ঘটে।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে কর্তৃপক্ষ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ২০২৫ সালের ট্রাফিক নিরাপত্তা-সংক্রান্ত বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ থেকে ২০২৫ সালের মধ্যে দেশটিতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ৬০ শতাংশের বেশি কমেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, দুর্ঘটনার প্রধান কারণগুলোর মধ্যে নিরাপদ দূরত্ব বজায় না রাখা ২৯ দশমিক ২ শতাংশ এবং হঠাৎ দিক পরিবর্তন ২৭ দশমিক ৯ শতাংশ।

সড়ক অবকাঠামোর উন্নয়ন, ট্রাফিক নজরদারি প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং দ্রুত জরুরি সেবার ব্যবস্থা দুর্ঘটনায় প্রাণহানি কমাতে ভূমিকা রেখেছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। তবে আল-আহসার এই দুর্ঘটনা দেশটির সড়কে এখনো বিদ্যমান ঝুঁকির বিষয়টি সামনে এনেছে। নিহতদের পরিচয় ও গাড়িটি কেন হঠাৎ দিক পরিবর্তন করেছিল, সে বিষয়ে বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com