বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

সীতাকুণ্ডে পুলিশের বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী ‘নলা কাসেম’ গ্রেফতার, বিদেশি পিস্তল উদ্ধার

মেহেদী হাসান রুবেল (সীতাকুন্ড), চট্টগ্রাম।। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর জোরালো অভিযানে গ্রেফতার হয়েছে জঙ্গল সলিমপুর এলাকার কুখ্যাত শীর্ষ সন্ত্রাসী মোঃ আবুল কাশেম ওরফে ‘নলা কাসেম’। অভিযানের সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে, যা এলাকায় দীর্ঘদিনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রমাণ হিসেবে দেখছে পুলিশ।

বুধবার (২২ এপ্রিল) রাত আনুমানিক ১০টার দিকে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহিনুল ইসলামের নেতৃত্বে একটি দক্ষ ও চৌকস পুলিশ টিম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে কৌশলগত অবস্থান নিয়ে তাকে হাতেনাতে আটক করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

পুলিশ জানায়, নলা কাসেম দীর্ঘদিন ধরে জঙ্গল সলিমপুরসহ আশপাশের এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং তিনি স্থানীয়দের কাছে আতঙ্কের নাম হিসেবে পরিচিত ছিলেন। তাকে গ্রেফতারের জন্য আইনশৃঙ্খলা বাহিনী দীর্ঘদিন ধরে গোপনে নজরদারি চালিয়ে আসছিল। অবশেষে নির্ভরযোগ্য গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ তার অবস্থান নিশ্চিত হয়ে পরিকল্পিতভাবে অভিযান পরিচালনা করে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই তাকে অস্ত্রসহ আটক করতে সক্ষম হয়। এ অভিযানের মাধ্যমে এলাকায় স্বস্তি ফিরবে বলে মনে করছেন স্থানীয়রা।

অভিযানে নেতৃত্ব দেওয়া সীতাকুণ্ড মডেল থানার ওসি মোঃ মহিনুল ইসলাম বলেন, আইনের চোখে কেউই ঊর্ধ্বে নয়। অপরাধী যতই প্রভাবশালী হোক, তাকে আইনের আওতায় আনতেই হবে। সীতাকুণ্ডকে সন্ত্রাস ও অপরাধমুক্ত রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com