বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

সংবিধানে শিক্ষাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতির দাবি

বিশেষ প্রতিনিধি, ঢাকা ॥
জাতিসংঘের মানবাধিকার ঘোষণাপত্রের ২৬ অনুচ্ছেদের আলোকে শিক্ষাকে দেশের সংবিধানে সরাসরি ‘মৌলিক অধিকার’ হিসেবে অন্তর্ভুক্তির জোরালো দাবি জানানো হয়েছে। পাশাপাশি সবার জন্য বৈষম্যহীন ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় নীতিগত সংস্কারের আহ্বান জানিয়েছে ‘বাংলাদেশ শ্রম মর্যাদার জোর’ (বিসিএলডি)।

সংগঠনের সমন্বয়ক, শ্রমিক নেতা ও মানবাধিকার সংগঠক মোহাম্মদ বজলুর রহমান বাবলু গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি জানান।

বিবৃতিতে বজলুর রহমান বাবলু বলেন, “শিক্ষা কোনো বিশেষ শ্রেণি বা গোষ্ঠীর সুযোগ নয়; এটি প্রতিটি মানুষের অধিকার। ব্যক্তির মর্যাদা, স্বাধীনতা, কর্মসংস্থান ও বৈষম্যহীন সমাজ গঠনে শিক্ষার অধিকার নিশ্চিত করা অপরিহার্য।”

তিনি উল্লেখ করেন, জাতিসংঘের মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রের ২৬ অনুচ্ছেদে শিক্ষার অধিকার স্বীকৃত হলেও বাংলাদেশের সংবিধানের ১৭ অনুচ্ছেদে একে কেবল রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে। একে সংবিধানের ৩য় ভাগে বলবৎযোগ্য ‘মৌলিক অধিকার’ হিসেবে অন্তর্ভুক্ত না করায় রাষ্ট্রীয় দায়বদ্ধতা কিছুটা সংকুচিত থেকে যায়।

বিবৃতিতে আরও বলা হয়, দারিদ্র্য, ভৌগোলিক বৈষম্য ও উপকরণের চড়া মূল্যের কারণে এখনও বহু শ্রমজীবী ও প্রান্তিক পরিবারের শিশু শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। শিক্ষাকে কেবল বাজারের চাহিদা হিসেবে না দেখে মানবিক মূল্যবোধ ও চিন্তার বিকাশের মাধ্যম হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

সংগঠনটির পেশ করা প্রধান দাবিগুলো হলো: ১. শিক্ষাকে সংবিধানে সরাসরি ‘মৌলিক অধিকার’ হিসেবে স্বীকৃতি দিতে সাংবিধানিক সংস্কার। ২. সবার জন্য অবৈতনিক, বাধ্যতামূলক ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা। ৩. দরিদ্র ও শ্রমজীবী পরিবারের শিক্ষার্থীদের জন্য রাষ্ট্রীয় বিশেষ সহায়তা। ৪. কারিগরি, বৃত্তিমূলক ও উচ্চশিক্ষায় সমান সুযোগ সৃষ্টি। ৫. শিক্ষার বৈষম্য ও বাণিজ্যিকীকরণ বন্ধ এবং ঝরে পড়া রোধে কার্যকর নীতি গ্রহণ।

বিবৃতিতে একটি বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সুশীল সমাজকে শিক্ষার অধিকার আদায়ে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com