রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

শিক্ষাব্যবস্থায় কর্মমুখী শিক্ষার ওপর জোর দিলেন শিক্ষামন্ত্রী

শিক্ষাব্যবস্থায় কর্মমুখী শিক্ষার ওপর জোর দিলেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বিশ্ববিদ্যালয়কে বেকারত্বের কারখানায় পরিণত করা যাবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শ্রমবাজারের চাহিদা বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ খোলার সিদ্ধান্ত নিতে হবে। অপ্রয়োজনীয় বিভাগ খোলার অনুমোদন না দিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকেও (ইউজিসি) নির্দেশনা দেওয়া হয়েছে।

রবিবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যালায়েন্স আয়োজিত ‘ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাজেটে কোনো অভাব নেই। প্রয়োজনীয় গবেষণা ও কর্মপরিকল্পনা গ্রহণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোকে কর্মসংস্থান উপযোগী গ্র্যাজুয়েট তৈরি করতে হবে।

তিনি বলেন, শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক শুধু শিক্ষার্থীদের ইন্টার্নশিপে সীমাবদ্ধ রাখা যাবে না। শিক্ষকদেরও শিল্প খাতের বাস্তব চাহিদা ও দক্ষতার ঘাটতি সম্পর্কে জানতে হবে। সেই অভিজ্ঞতার আলোকে গবেষণা ও পাঠ্যক্রম সাজাতে হবে।

এআইয়ের প্রভাব প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রযুক্তির পরিবর্তনকে শুধু কর্মসংস্থানের হুমকি হিসেবে দেখার সুযোগ নেই। বরং পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নতুন কর্মক্ষেত্র তৈরির সক্ষমতা অর্জন করতে হবে। বিশেষ করে জ্ঞানকে বাণিজ্যিকভাবে কাজে লাগানোর দক্ষতা বাড়াতে হবে।
দেশের বেকারত্ব পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, আগামী পাঁচ বছরে জাতীয় বিশ্ববিদ্যালয়সহ দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো কতসংখ্যক কর্মসংস্থান উপযোগী গ্র্যাজুয়েট তৈরি করতে পারবে, তার সুস্পষ্ট পরিকল্পনা প্রয়োজন। এ জন্য নির্ভরযোগ্য তথ্য-উপাত্ত ও গবেষণার ওপর গুরুত্ব দেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের দুই প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবদুস সালাম ও অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। স্বাগত বক্তব্য দেন ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যালায়েন্সের সভাপতি ও আইবিএর অধ্যাপক ড. মো. মহিউদ্দিন। এতে শতাধিক শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com