রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য, নাশকতা ও আগুন-সন্ত্রাসের প্রতিবাদে ঢাকার নবাবগঞ্জে মোটরসাইকেল মহড়া দিয়েছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
রোববার (২২ নভেম্বর) সকালে নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মহড়াটি শুরু হয়। পরে শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বাহ্রা, শোল্লা ও যন্ত্রাইলসহ পাঁচটি ইউনিয়নের বিভিন্ন সড়কে মোটরসাইকেল মহড়া দেন নেতাকর্মীরা। এতে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
মহড়া শেষে নবাবগঞ্জ জেলা পরিষদ মার্কেটের সামনে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম বলেন, আওয়ামী লীগের কর্মকাণ্ডের মধ্য দিয়ে তাদের সন্ত্রাসী চরিত্র আবারও প্রকাশ পেয়েছে। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি কিংবা নাশকতার চেষ্টা বরদাশত করা হবে না। কেউ নাশকতার চেষ্টা করলে তাকে আটক করে আইনের হাতে তুলে দেওয়া হবে।
এ সময় স্থানীয় সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের নেতৃত্বে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকেও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। সমাপনী বক্তব্যে উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুস সালাম বলেন, জনগণের পাশে থাকতে এবং সরকারকে সার্বিক সহযোগিতা করতে বিএনপি’র নেতাকর্মীরা রাজপথে থাকবেন। মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় কাজ করার পাশাপাশি রাজনৈতিকভাবে আওয়ামী লীগের সন্ত্রাস ও অপতৎপরতা মোকাবিলা করা হবে।
এ সময় উপজেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক মহসীন হাসান, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, সেন্টু মোল্লা, মহিলাদলের সভাপতি শাহিনুর আলমসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।