সোমবার, ১৫ Jun ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
মোসা. ফাতেমা, রাজশাহী প্রতিনিধি ঃ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বাংলাদেশ পোস্টম্যান ও নিম্ন বেতনভোগী কর্মচারী ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত উত্তরাঞ্চল সার্কেল সংস্থার উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নগরীর তেরখাদিয়াস্থ একটি কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে শহীদ জিয়াউর রহমানের কর্মময় জীবন, দেশপ্রেম, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা এবং শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় অবদানের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
সংগঠনের উত্তরাঞ্চল সার্কেল সংস্থার সভাপতি মো. শাহীনূরুল ইসলাম শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন রাজশাহী জিপিও শাখার সাধারণ সম্পাদক মো. শাহিদুল ইসলাম সোহেল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. নজরুল হুদা। তিনি বলেন, “শহীদ জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার একজন বলিষ্ঠ কণ্ঠস্বর। দেশের উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধিতে তিনি শ্রমিক শ্রেণির অবদানকে সর্বদা গুরুত্ব দিয়েছেন।”

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ পোস্টম্যান ও নিম্ন বেতনভোগী কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম শহীদ ইকবাল। তিনি ডাক বিভাগের নিম্ন বেতনভোগী কর্মচারীদের ন্যায্য অধিকার ও দাবি-দাওয়া আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় আরও বক্তব্য দেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় রাজশাহী মহানগর বিএনপি, মহানগর তাঁতী দল, রাজপাড়া থানা বিএনপিসহ বিভিন্ন সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া বিপুল সংখ্যক পোস্টম্যান ও নিম্ন বেতনভোগী কর্মচারী কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কলাবাগান বড় জামে মসজিদের খতিব ও পেশ ইমাম হাফেজ মাওলানা মাসাদুল হাসান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী জিপিও শাখার সভাপতি আনোয়ার হোসেন, শিক্ষক সমিতি রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক গোলাম মোর্তোজা মিল্টনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে শহীদ জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন এবং শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।