শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

লেপসিয়ায় বিট ও কমিউনিটি পুলিশিং সভায় মাদকসহ অপরাধ দমনে জিরো টলারেন্স ঘোষণা

মাঈন উদ্দিন, খালিয়াজুরী (নেত্রকোনা)ঃ

চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক, নারী নির্যাতন, যৌতুক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার লেপসিয়ায়  বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকাল ৫টায় এলাকার গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় জনগণের উপস্থিতিতে সভা শুরু হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম। তিনি সকলকে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণের আহ্বান জানান।

সভায় স্থানীয় জনগণ লেপসিয়া পুলিশ ফাঁড়িতে জরুরি ভাবে দুইজন মহিলা পুলিশ নিয়োগের দাবি জানান। বক্তারা বলেন, নারী সংশ্লিষ্ট অপরাধ বিশেষ করে নারী মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে মহিলা পুলিশের উপস্থিতি অত্যন্ত প্রয়োজন। পাশাপাশি ফাঁড়ির নতুন ভবন নির্মাণ, আসামি থানায় পাঠানোর জন্য সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, যানবাহনের ব্যবস্থা এবং মোবাইল জুয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি ওঠে। বক্তারা আরও বলেন, মোবাইল জুয়া যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, যা দ্রুত বন্ধ করা জরুরি।

এসময় উপস্থিত অনেকেই লেপসিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ সিরাজুল ইসলাম খানকে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করার জন্য অভিনন্দন জানান। একই সঙ্গে এলাকায় অবশিষ্ট মাদক ব্যবসায়ীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানান।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের কোনো ভাবেই ছাড় দেওয়া হবে না। তিনি পরিবার ভিত্তিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করে বলেন, প্রতিটি অভিভাবককে তাদের সন্তানের কর্মকাণ্ডের প্রতি নজর রাখতে হবে, তাহলেই সমাজে অপরাধ কমানো সম্ভব।

সহকারী পুলিশ সুপার (কেন্দুয়া সার্কেল) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত খালিয়াজুরী সার্কেলের কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, “মাদক একটি ভয়াবহ ব্যাধি, যা মানুষের জীবন ও সমাজকে ধ্বংস করে দেয়।”

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, “মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কোনো ছাড় নেই। সমাজে শান্তি বজায় রাখতে সবাইকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে হবে।”লেপসিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ সিরাজুল ইসলাম খান বলেন, “আমি ও আমার বিশেষ টিম মাদকবিরোধী কার্যক্রমে সক্রিয় ভাবে কাজ করছি এবং এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

এসময় আরও উপস্থিত ছিলেন এসআই রাব্বি, এসআই ওয়াদুদসহ অন্যান্য পুলিশ সদস্যরা। সভায় বক্তারা পুলিশ ও জনগণের সম্মিলিত উদ্যোগে একটি অপরাধমুক্ত, নিরাপদ ও সচেতন সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com