বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
বশির আহাম্মদ বান্দরবান জেলা প্রতিনিধি:: বান্দরবানের দুর্গম ও প্রত্যন্ত পাহাড়ি এলাকায় গর্ভবতী নারী, প্রসূতি মা ও নবজাতকের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে ৭ ফিল্ড অ্যাম্বুলেন্স, ৬৯ পদাতিক ব্রিগেড হলে ‘গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা এবং প্রাথমিক চিকিৎসা সেবা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৯ পদাতিক ব্রিগেডের কমান্ডার ও বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি।
প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের গর্ভাবস্থার ঝুঁকি ও বিপদচিহ্ন শনাক্তকরণ, প্রসবকালীন প্রাথমিক সহায়তা, নবজাতকের প্রাথমিক পরিচর্যা, বুকের দুধ খাওয়ানো, টিকাদান, সিপিআর, ক্যানুলা প্রয়োগ, স্বাস্থ্য কাউন্সেলিং, পরিবার পরিকল্পনা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত রেফারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।
সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বান্দরবানের দুর্গম ভৌগোলিক বাস্তবতায় প্রত্যন্ত জনগোষ্ঠীর কাছে জরুরি স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রশিক্ষিত জনবল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান ও দক্ষতা দুর্গম এলাকার মা ও শিশুর স্বাস্থ্যসেবায় কার্যকরভাবে কাজে লাগানোর আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে ৭ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক, সিভিল সার্জন, চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রদানকারী কর্মকর্তা, প্রশিক্ষক, সামরিক সদস্য, প্রশিক্ষণার্থী এবং সংশ্লিষ্ট অসামরিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করায় প্রশিক্ষণার্থীদের অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে ভবিষ্যতেও দুর্গম পাহাড়ি এলাকার মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।