বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

লালমনিরহাটে তরুণ প্রজন্মের উদ্যোগে ব্যতিক্রমী মাদক ও জুয়া বিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান

লালমনিরহাট প্রতিনিধি।। মাদকের ভয়াল থাবায় আজ বিপন্ন দেশের তরুণ সমাজ। যুবসমাজকে রক্ষা ও মাদকমুক্ত সমাজ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে লালমনিরহাটে সোচ্চার হয়েছে তরুণ প্রজন্ম। মাদকের বিষাক্ত ছবল ও সর্বনাশা জুয়ার আগ্রাসন থেকে যুবসমাজকে বাঁচাতে এবং জনসচেতনতা তৈরির লক্ষ্যে মন্ডলেরহাট মৃত্তিঙ্গা বিএম কলেজ মাঠে এক ব্যতিক্রমী ও বর্ণাঢ্য মাদক ও জুয়া বিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ​মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে সদর উপজেলার মন্ডলেরহাট তরুণ প্রজন্ম’-এর উদ্যোগে এই ব্যতিক্রমী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মাদক, জুয়া ও সমাজবিরোধীদের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে হাজার হাজার স্থানীয় দর্শক উপস্থিত ছিলেন।

​গোকুন্দা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সায়েদুল ইসলাম পাটোয়ারী সাজু।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন— মৃত্তিঙ্গা বিএম কলেজের অধ্যক্ষ এবিএম ফিরাজ সিদ্দিকী আপেল, গোকুণ্ডা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম আলতাফ হোসেন রিপন এবং জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ সাদিকুল ইসলাম পাভেল। এ সময় বক্তারা যুবসমাজকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর বিশেষ জোর দেন।

​সাংস্কৃতিক অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল কুর্শামারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় মাদক ও জুয়ার কুফলভিত্তিক সচেতনতামূলক নাটিকা। কোমলমতি শিক্ষার্থীদের প্রাণবন্ত অভিনয়ে ফুটিয়ে তোলা হয় কীভাবে মাদক ও জুয়া একটি সুন্দর পরিবার ও সম্ভাবনাময় জীবনকে ধ্বংস করে দেয়। নাটকের বার্তা দর্শকদের গভীরভাবে নাড়া দেয় এবং উপস্থিত হাজারো দর্শক করতালির মাধ্যমে শিক্ষার্থীদের সাধুবাদ জানান।

​স্থানীয় সচেতন মহল মনে করছে, বর্তমান সময়ে যুবসমাজকে রক্ষা করতে কেবল প্রশাসনিক ব্যবস্থা নয়, বরং এমন সাংস্কৃতিক ও সামাজিক উদ্যোগ অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখতে পারে। তরুণ প্রজন্মের এমন প্রশংসনীয় উদ্যোগ আগামী দিনে মাদকমুক্ত সমাজ গঠনে অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com