সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

ম্যানচেস্টারের অ্যাডাম আব্বাস এখন বাংলাদেশের

অ্যাডাম আব্বাস

স্পোর্টস ডেস্ক:: শুরুটা হয়েছিল জামাল ভূঁইয়াকে দিয়ে। ডেনমার্ক প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার আজ তেরো বছর ধরে বাংলাদেশ দলের হয়ে খেলছেন। তারপর হামজা চৌধুরী-শমিত সোমদের আগমনে দলে বংশোদ্ভূত ফুটবলারের সংখ্যা অনেক বেড়েছে। বয়সভিত্তিক দলেও রোনান সুলিভানদের দেখেছে সবাই।

এবার সেই দলেই খেলার জন্য ম্যানচেস্টার থেকে ঢাকা এসেছেন অ্যাডাম আব্বাস। বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের হয়ে আগামী মাসে উজবেকিস্তানে এএফসি কাপের বাছাই পর্ব খেলবে বাংলাদেশ। সেই প্রতিযোগিতা সামনে রেখে যশোরে শুরু হয়েছে পাঁচ দিনের প্রশিক্ষণ ক্যাম্প। সেই ক্যাম্পে যোগ দিতে এসেছেন ইংল্যান্ড প্রবাসী এই উইঙ্গার।

তাঁর নানা-নানি বাংলাদেশি। মা ব্রিটিশ আর বাবা জ্যামাইকান। ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতে তিনি বেড়ে উঠেছেন। সেখানে চার বছর প্রশিক্ষণ নিয়েছিলেন অ্যাডাম আব্বাস। ম্যান ইউ থেকে পরে বার্নলি অনূর্ধ্ব-১৮ দলে খেলেছেন। তবে ইনজুরির কারণে বার্নলির সঙ্গে আর চুক্তি নবায়ন হয়নি তাঁর।

বাফুফের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী জানান, অ্যাডামের ভিডিও ফুটেজ দেখে তাঁকে নির্বাচিত করা হয়েছে। গত এপ্রিলে তাঁর সঙ্গে যোগাযোগ শুরু করে বাফুফে। তখন থেকেই তাঁর পাসপোর্ট সংক্রান্ত প্রক্রিয়া শুরু করা হয়। গতকাল সেই অ্যাডামকে পাওয়া গেছে বাংলাদেশের জন্য। এবারের অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাই পর্বে শক্তিশালী ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ; যেখানে তাদের প্রতিপক্ষ সিরিয়া, ভারত এবং আয়োজক উজবেকিস্তান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com