রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

মাইক্রোপ্লাস্টিকের সঙ্গে কি হার্ট অ্যাটাকের উচ্চ ঝুঁকি আছে?

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক:: রক্তে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতির সঙ্গে হার্ট অ্যাটাকের ঝুঁকির সম্পর্ক থাকতে পারে। নতুন এক গবেষণায় দেখা গেছে, সুস্থ মানুষের তুলনায় হার্ট অ্যাটাকে আক্রান্ত ব্যক্তিদের রক্তে মাইক্রোপ্লাস্টিকের মাত্রা বেশি। মাইক্রোপ্লাস্টিক হলো অত্যন্ত ছোট প্লাস্টিক কণা। বর্তমানে এটি পরিবেশের প্রায় সর্বত্র পাওয়া যায়।

এর আগের বিভিন্ন গবেষণায় মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ ও টিস্যুতেও এসব কণার উপস্থিতি পাওয়া গেছে। তবে হৃদ্‌যন্ত্রে রক্ত সরবরাহকারী ধমনিতে এসব কণা থাকে কি না এবং ধূমপান ও বায়ুদূষণের মতো পরিবেশগত কারণ এর মাত্রাকে প্রভাবিত করে কি না, তা নিয়ে এতদিন খুব কম তথ্য ছিল।

ইতালির রোমের সাপিয়েঞ্জা ইউনিভার্সিটির সান্ত’আন্দ্রেয়া হাসপাতালের গবেষক পাসকুয়ালে পাওলিসোর নেতৃত্বে গবেষণাটি পরিচালিত হয়। গবেষকরা হৃদ্‌যন্ত্রে রক্ত সরবরাহকারী রক্তনালি থেকে ৬১ জন রোগীর রক্তের নমুনা সংগ্রহ করেন। তাদের মধ্যে কেউ হার্ট অ্যাটাকে আক্রান্ত ছিলেন, কেউ হার্ট অ্যাটাক ছাড়াই দীর্ঘমেয়াদি হৃদ্‌রোগে ভুগছিলেন এবং কিছু রোগীর রক্তনালি ছিল সুস্থ।

গবেষণায় দেখা যায়, হার্ট অ্যাটাকে আক্রান্ত রোগীদের ৮৪ শতাংশের রক্তে মাইক্রোপ্লাস্টিক ও আরও ছোট ন্যানোপ্লাস্টিক কণা পাওয়া গেছে। হার্ট অ্যাটাক হয়নি, তবে হৃদ্‌রোগ রয়েছে, এমন রোগীদের মধ্যে এই হার ছিল ৪০ শতাংশ। আর সুস্থ রক্তনালির রোগীদের ক্ষেত্রে এসব কণা ৩২ শতাংশের রক্তে পাওয়া গেছে।

গবেষকরা আরও দেখেছেন, ধূমপান ও বায়ুদূষণের সঙ্গে রক্তে বেশি মাইক্রোপ্লাস্টিক থাকার সম্পর্ক রয়েছে। ধূমপান করেন এমন ব্যক্তিদের রক্তে উচ্চ মাত্রায় মাইক্রোপ্লাস্টিক থাকার সম্ভাবনা ছিল প্রায় ছয় গুণ বেশি। একই ধরনের সম্পর্ক দেখা গেছে যারা নিয়মিত বেশি মাত্রার বায়ুদূষণের মধ্যে থাকেন তাদের ক্ষেত্রেও।

গবেষণায় ধূমপান ও বায়ুদূষণ দুই ধরনের ঝুঁকির মধ্যে থাকা প্রত্যেক ব্যক্তির রক্তে মাইক্রোপ্লাস্টিকের মাত্রা বেশি পাওয়া গেছে। বিপরীতে, এই দুই ঝুঁকির কোনোটির সংস্পর্শে না থাকা ব্যক্তিদের মাত্র ১২ দশমিক ৫ শতাংশের রক্তে উচ্চ মাত্রার মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে।

গবেষণার প্রধান লেখক পাসকুয়ালে পাওলিসো বলেন, ধূমপান ও বায়ুদূষণের কারণে ফুসফুসের মাধ্যমে মাইক্রোপ্লাস্টিক ও ন্যানোপ্লাস্টিক রক্তপ্রবাহে প্রবেশ করা সহজ হতে পারে। বায়ুদূষণও একই ধরনের ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গবেষণার জ্যেষ্ঠ লেখক এমানুয়েলে বারবাতো বলেন, এই গবেষণা মাইক্রোপ্লাস্টিক যে সরাসরি হার্ট অ্যাটাক ঘটায়, তা প্রমাণ করে না। তবে পরিবেশগত দূষণ, রক্তে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি এবং হৃদ্‌রোগের মধ্যে একটি শক্তিশালী সম্পর্কের ইঙ্গিত পাওয়া গেছে।

১৫ জুলাই ইউরোপিয়ান হার্ট জার্নালে গবেষণাটি প্রকাশিত হয়। একই জার্নালে প্রকাশিত একটি সম্পাদকীয়তে জার্মানির জোহানেস গুটেনবার্গ ইউনিভার্সিটির গবেষক আন্দ্রেয়াস ডাইবারসহ বিশেষজ্ঞরা বলেন, মাইক্রোপ্লাস্টিক ও ন্যানোপ্লাস্টিক এখন সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি হিসেবে সামনে আসছে। প্লাস্টিক দূষণকে হৃদ্‌রোগের একটি অবমূল্যায়িত ঝুঁকি হিসেবে বিবেচনা করা হতে পারে।

তবে বিশেষজ্ঞরা গবেষণাটির সীমাবদ্ধতার কথাও উল্লেখ করেছেন। মাত্র ৬১ জনের ওপর গবেষণাটি করা হয়েছে। তাই মাইক্রোপ্লাস্টিক ও হৃদ্‌রোগের মধ্যে সরাসরি কারণ-সম্পর্ক নিশ্চিত করতে আরও বড় পরিসরে গবেষণা প্রয়োজন।

সূত্র: ইউএস নিউজ

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com