বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন

অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব: সালথায় ইউপি চেয়ারম্যান রফিক মোল্লার হুংকার

মজিবুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি॥
ফরিদপুরের সালথায় স্থানীয় এক সভায় সমর্থকদের অস্ত্র তৈরির নির্দেশ ও হত্যাকাণ্ডের বিচার নিজ হাতে তুলে নেওয়ার হুংকার দেওয়ার অভিযোগ উঠেছে যদুনন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম ওরফে রফিক মোল্লার বিরুদ্ধে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র আলোচনা ও সমালোচনার ঝড় ওঠে।

সম্প্রতি উপজেলার উজিরপুর বাজারে আয়োজিত ওই সভায় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামকে তাঁর অনুসারীদের উদ্দেশে ‘অস্ত্র বানানোর’ কথা বলতে শোনা যায়। একইসঙ্গে ভবিষ্যতে কোনো মার্ডার বা হত্যাকাণ্ডের ঘটনা ঘটলে তা তিনি দেখে নেওয়ার হুমকি দেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

জানা গেছে, ৫৫ বছর বয়সী রফিকুল ইসলাম দীর্ঘদিন প্রবাসে কাটিয়ে ২০২০ সালে দেশে ফেরেন। ২০২১ সালের ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করার পর থেকেই তিনি নানা কারণে আলোচনায় আসেন। তাঁর বিরুদ্ধে ইতিপূর্বে হত্যাসহ ১৭টি মামলা থাকলেও বর্তমানে দুটি মামলা চলমান রয়েছে।

এদিকে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান রফিকুল ইসলাম দাবি করেন, ভাইরাল হওয়া ভিডিওটি সুপারএডিট করা হয়েছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে একটি কুচক্রী মহল তাঁর রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অপপ্রচার চালাচ্ছে। তিনি দাবি করেন, প্রতিপক্ষ ভ্যানচালককে মারধর করলেও তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটিয়ে বরং পুলিশের সহযোগিতা নিচ্ছেন এবং এলাকা শান্ত রাখার চেষ্টা করছেন।

এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান জানান, বিষয়টি তাঁর জানা নেই; খোঁজ নিয়ে দেখা হচ্ছে। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন বলেন, ভিডিওটি যাচাই করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com