শনিবার, ৩০ মে ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

শিরোনামঃ
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা: একই পরিবারের ৪ বাংলাদেশি সহ বহু হতাহত জামালপুরে কোরবানী মাংস খাওয়ার সময় গলায় আটকে কিশোরের মৃত্যু মারা গেলেন সাতবারের এমপি দবিরুল ইসলাম সততা ও সচেতনতায় দেশ এগিয়ে যাবে: কুমিল্লায় ঈদের জামাত শেষে কৃষিমন্ত্রী গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা: ঈদেই ঝরল ৫ প্রাণ, আহত ২৫ ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান

ভাঙ্গায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ৩০

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় ৩০ জন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।

সোমবার (১৩ এপ্রিল) সকালে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাবলাতলা এলাকায় ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৩০ ফুট গভীর খাদে পড়ে উল্টে যায়।

নিহতরা হলেন- ভাঙ্গা পৌরসভার কৈডুবী সদরদী গ্রামের সেকেন মোল্লার ছেলে ব্যবসায়ী জাহাঙ্গীর মোল্লা (৪০) এবং একই গ্রামের নেছার উদ্দিন শেখের ছেলে আলমগীর শেখ (৪২)।

দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে গুরুতর আহতদের মধ্যে অন্তত ১৫ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।

আহত যাত্রীদের বর্ণনা অনুযায়ী, বাসটি ফরিদপুর থেকে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিল। দুর্ঘটনাস্থলে পৌঁছালে হঠাৎ বিকট শব্দ হয় এবং মুহূর্তেই বাসটি খাদে পড়ে যায়। অনেক যাত্রী ঘটনাস্থলেই জ্ঞান হারান।

খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও ভাঙ্গা হাইওয়ে থানার সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবু জাফর জানান, প্রায় ২৫ জন গুরুতর আহত যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক মোহাম্মদ মামুন মিয়া জানান, ফরিদপুর থেকে ছেড়ে আসা শাহ ফরিদ পরিবহনের একটি বাস বাবলাতলা ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

তিনি আরও জানান, ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় এবং অপর একজন ভাঙ্গা থেকে ঢাকায় নেওয়ার পথে মারা যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com