সোমবার, ১১ মে ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি।। বেকার জীবনের অভিশাপ থেকে মুক্ত হয়ে নিজের ভবিষ্যৎ গড়ো, গড়ে তোলো একটি সুন্দর জীবন। কঠোর পরিশ্রম ও দক্ষতা অর্জনের মাধ্যমেই তোমরা সফল হতে পারো। লালমনিরহাটে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের বিশাল ‘চাকরি মেলা-২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু তরুণ-তরুণীদের উদ্দেশ্যে এসব কথা বলেন।
সোমবার (১১ মে) লালমনিরহাট জেলা স্টেডিয়াম মাঠে দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়। সীমান্তবর্তী অবহেলিত এলাকায় কর্মসংস্থানের এমন বিশাল সুযোগ তৈরি করার জন্য মন্ত্রী প্রাণ-আরএফএল গ্রুপকে বিশেষ ধন্যবাদ ও সাধুবাদ জানান।
ত্রানমন্ত্রী তাঁর বক্তব্যে আরও বলেন, লালমনিরহাটের মতো সীমান্তবর্তী এলাকায় এ ধরনের মহতী উদ্যোগ বেকারত্ব দূরীকরণে বড় ভূমিকা রাখবে। তিনি তরুণদের কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের স্বাবলম্বী করার পরামর্শ দেন।
মন্ত্রী বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি শিল্প প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসলে দেশ দ্রুত বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পাবে। এ ধরনের মেলা প্রান্তিক পর্যায়ের যুবকদের মাঝে আত্মবিশ্বাস ছড়িয়ে দেয়। কর্মসংস্থান সৃষ্টি হলে অপরাধ প্রবণতা কমে এবং তরুণ সমাজ বিপথগামী হওয়া থেকে রক্ষা পায়। প্রাণ-আরএফএল গ্রুপের এই প্রচেষ্টাকে জেলার অর্থনৈতিক উন্নয়নে একটি মাইলফলক হিসেবে অভিহিত করেন তিনি।
সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার শিক্ষিত তরুণ-তরুণীর পদচারণায় মুখরিত হয়ে ওঠে স্টেডিয়াম প্রাঙ্গণ। মেলা কর্তৃপক্ষ জানায়, সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় ৩ হাজার প্রার্থী রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। মেলায় আসা প্রার্থীদের সরাসরি লিখিত পরীক্ষা ও ভাইভা নেওয়া হচ্ছে। এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে বিভিন্ন পদে ১ হাজার যোগ্য প্রার্থীকে নিয়োগপত্র প্রদান করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহঃ রাশেদুল হক, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক, পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান সহ প্রাণ-আরএফএল গ্রুপের পক্ষ থেকে রিক্রুটমেন্ট হেড নূরুল আলম খান ও নাফিস ইনদালিব অর্নব।
১৯৮১ সালে প্রতিষ্ঠিত এই গ্রুপটি বর্তমানে দেশে ও বিদেশে প্রায় ২ লক্ষ মানুষের কর্মসংস্থান নিশ্চিত করেছে। মেধার ভিত্তিতে যোগ্য প্রার্থীদের বাছাই করে লালমনিরহাটের শিক্ষিত যুবসমাজকে এই শিল্প পরিবারের সদস্য করে নিতেই আজকের এই আয়োজন।
নিয়োগ প্রক্রিয়া শেষে নির্বাচিতদের হাতে প্রাথমিক নিয়োগপত্র তুলে দেওয়া হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।