সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক:: এশিয়ার বাজারে সপ্তাহের প্রথম দিনের লেনদেনের শুরুতেই জ্বালানি তেলের দাম কমেছে। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনার মধ্যেই আজ সোমবার (২৪ আগস্ট) তেলের দামে এই পতন দেখা গেছে। খবর রয়টার্স’র।
প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকালে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ১ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ৪৫ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও ১ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ৮৬ দশমিক ১৪ ডলারে দাঁড়ায়।
এদিকে, ইরানের বিরুদ্ধে আরও কঠোর অর্থনৈতিক পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক পদক্ষেপের একটি ‘অর্থনৈতিক ডি-ডে’ আসছে। সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি নতুন নিষেধাজ্ঞার ঘোষণা দিতে পারেন বলে জানা গেছে।
বিনিয়োগকারীরা মনে করছেন, ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞার ধরন এবং এর সম্ভাব্য প্রভাব সম্পর্কে বিস্তারিত জানা গেলে আন্তর্জাতিক তেলের বাজারের পরবর্তী গতিপথ আরও স্পষ্ট হবে।
ইরানের ওপর নিষেধাজ্ঞা জ্বালানি সরবরাহ ও বৈশ্বিক বাজারে এর প্রভাব নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করতে পারে। তবে নিষেধাজ্ঞার বাস্তব প্রভাব এবং তেলের সরবরাহ পরিস্থিতির ওপরই আগামী দিনে বাজারের দামের গতিপথ অনেকাংশে নির্ভর করবে।