সোমবার, ২৭ Jul ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
মোঃ বিপ্লব, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের এক ইউপি সদস্য ফেসবুক লাইভে এসে বিষাক্ত ট্যাবলেট সেবনের পর মারা গেছেন। পরিবারের দাবি, দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং সেই হতাশা থেকেই এ ঘটনা ঘটেছে।
নিহত তুলা রাম (৩৫) উপজেলার ৫ নম্বর বাচোর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য। তিনি ভাংবাড়ী কুমাড়পাড়া গ্রামের ভবেশ চন্দ্র রায়ের ছেলে।
স্থানীয় সূত্র ও পরিবার জানায়, সোমবার (২৭ জুলাই) রাত আনুমানিক দেড়টার দিকে তুলা রাম নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করেন। বিষয়টি পরিবারের সদস্যদের নজরে এলে তাঁকে দ্রুত উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে প্রথম স্ত্রী ও সন্তান থাকা অবস্থায় পার্শ্ববর্তী রাতোর ইউনিয়নের জুই নামে এক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে দ্বিতীয় বিয়ে করেন তুলা রাম। এরপর দীর্ঘদিন ধরে তাঁদের দাম্পত্য জীবনে কলহ চলতে থাকে। সম্প্রতি দ্বিতীয় স্ত্রী তাঁকে তালাক দিয়ে চলে যান। এরপর তাঁকে ফিরিয়ে আনার বিভিন্ন চেষ্টা করেও ব্যর্থ হন তুলা রাম। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং গভীর হতাশায় ভুগছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ সৎকারের অনুমতি দেওয়া হয়েছে।