রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

ন্যাটোর ঐক্য পরীক্ষা করতে হামলা চালাতে পারে রাশিয়া

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

আন্তর্জাতিক ডেস্ক:: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী কয়েক বছরের মধ্যে উত্তর আটলান্টিক সামরিক জোট ন্যাটোর যেকোনো মিত্র দেশের ওপর সীমিত হামলা চালাতে যাচ্ছেন। এর মাধ্যমে তিনি ন্যাটো জোটের শক্তি পরীক্ষার চেষ্টা করতে পারেন।

সাম্প্রতিক মার্কিন গোয়েন্দা মূল্যায়ন ইঙ্গিত দিচ্ছে বলে শনিবার জানিয়েছে সিএনএন।

এই প্রতিবেদনগুলোর সাথে পরিচিত তিনটি সূত্রের মতে, গোয়েন্দা মূল্যায়নগুলোতে রাশিয়ার আগ্রাসন বৃদ্ধির বেশ কয়েকটি সম্ভাব্য পরিস্থিতির রূপরেখা দেওয়া হয়েছে। এর মধ্যে সাইবার হামলা থেকে শুরু করে ছোট আকারের অনুপ্রবেশ পর্যন্ত রয়েছে। এর উদ্দেশ্য হলো ন্যাটোর ঐক্য এবং অনুচ্ছেদ ৫-এর প্রতি তার অঙ্গীকারকে চ্যালেঞ্জ করা। অনুচ্ছেদ ৫ অনুযায়ী, কোনো এক সদস্যের ওপর হামলা মানেই সবার ওপর হামলা এবং এর জন্য মিত্রদের পাল্টা জবাব দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়ারও প্রয়োজন নেই।

যদিও পুতিন কীভাবে এবং কখন এটি করতে পারেন তা একটি অমীমাংসিত প্রশ্ন। তবে সূত্রগুলোর মধ্যে একজন জানিয়েছেন, তিনি সম্ভবত বাল্টিক দেশগুলো বা পোল্যান্ডকে লক্ষ্য করে কোনো না কোনোভাবে আগ্রাসন বাড়াবেন। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল সর্বপ্রথম এই সাম্প্রতিক মূল্যায়নগুলোর বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে।

মার্কিন ও ন্যাটো কর্মকর্তারা মনে করেন, ইউক্রেনের সঙ্গে যুদ্ধ থেকে সম্মানজনকভাবে বেরিয়ে আসার কোনো পথ খুঁজে না পেলে পুতিন ন্যাটোর বিরুদ্ধে সংঘাত আরো বাড়াতে পারেন। রুশ প্রেসিডেন্টের পরবর্তী পদক্ষেপ বেছে নেওয়ার সুযোগ এখন থেকে আগামী কয়েক বছর পর্যন্ত বিস্তৃত।

ন্যাটোর একজন ঊর্ধ্বতন সামরিক মুখপাত্র মার্টিন ও’ডোনেল গোপনীয় গোয়েন্দা মূল্যায়নের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

তবে তিনি বলেছেন, ন্যাটো সর্বদা বিভিন্ন পরিস্থিতি বিবেচনা করে এবং তার জন্য প্রস্তুতি নিচ্ছে। ন্যাটো নজর রাখছে এবং আমরা প্রয়োজন অনুযায়ী প্রতিরোধ ও প্রতিরক্ষার জন্য প্রস্তুত, যা আমরা ক্রমাগত করে চলেছি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com