শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

না.গঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গার্মেন্টস কর্মী আহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি ॥ নারায়ণগঞ্জ’র সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছে কবির (২৪) নামের এক গার্মেন্টস কর্মী। বুধবার রাতে সিদ্ধিরগঞ্জ থানাধীন নীট কনসার্ন গার্মেন্ট সংলগ্ন ভাঙ্গা ব্রীজ এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। আহত কবির বন্দর উপজেলার লক্ষনখোলা সোমবাইরা বাজার এলাকার মৃত ইসমত আলীর ছেলে।

জানা গেছে, সিদ্ধিরগঞ্জে’র পাঠানটুলী এলাকার নীট কনসার্ন নামক একটি গার্মেন্টে কাজ করত কবির। প্রতিদিনের মত বুধবার রাত ৯টায় বাড়ি ফেরার পথে ভাঙ্গা ব্রীজের সামনে আসলে ছিনতাইকারী চক্রের ৩ সদস্য তার গতিরোধ করে বলে তোর সাথে কি আছে বের করে দে? এসময় কবির অপারগতা জানালে তাকে উপুর্যপুরি মারধরসহ ছুরিকাঘাত করে। তখন বাধ্য হয়ে তার সঙ্গে থাকা মোবাইল ফোনসহ নগদ টাকা ছিনতাইকারীদের দিয়ে দেয় কবির। যাওয়ার সময় ছিনতাইকারীরা বলে যে, এই কথা যদি কাউকে বলিস তাহলে তোকে মেরে ফেলব।

ভুক্তভোগী কবির জানায়, আমি রাত ৯টায় কাজ শেষে বাসায় ফিরছিলাম। ভাঙ্গা ব্রীজ পর্যন্ত আসলে ৩জন লোক আমাকে ডাক দেয় এবং বলে তোর সাথে কি আছে দিয়ে দে। তখন আমি বলি আপনারা কারা এবং আমার কাছ থেকে কি চান। তখণ তারা আমাকে টেনে নিয়ে যায় পাশের একটি বালুর মাঠে এবং মারধর করে ও ছুরি দিয়ে কয়েকটি জায়গায় পোচ দেয়। এসময় তারা আমার কাছ থেকে একটি টাচ মোবাইল ও নগদ ৭শ’ টাকা নিয়ে যায়। যাবার সময় বলে একথা যদি কাইকে বলিস তাহলে তোকে মেরে ফেলব।

এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুস সাত্তার জানায়, ঘটনার খবর পাওয়ার সাথে সাথে একটি টিম পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com