রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

শিরোনামঃ
২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টনের সিদ্ধান্তের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮ নড়াইলে স্বামীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্ত্রী ও বেয়াই গ্রেফতার নড়াইলে শেষ হলো সুলতান উৎসব, ‘আলোকচিত্র প্রদর্শনী’ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের সম্মাননা স্মারক প্রদান লালমনিরহাটে রত্নাই সড়ক সেতুর উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী দুলু, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত

নড়াইলে শেষ হলো সুলতান উৎসব, ‘আলোকচিত্র প্রদর্শনী’ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের সম্মাননা স্মারক প্রদান

নড়াইল প্রতিনিধি:: বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে দু’দিনব্যাপী ‘সুলতান উৎসব’ শেষ হয়েছে। শনিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে নড়াইলের সুলতান মঞ্চে সমাপনী অনুষ্ঠানে ‘আলোকচিত্র প্রদর্শনী’ ও ‘চিত্রাঙ্কন প্রতিযোগিতা’য় বিজয়ীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এদিকে, ‘আলোকচিত্র প্রদর্শনী’তে শ্রেষ্ঠত্ব অর্জন করায় ডিবিসির নড়াইল প্রতিনিধি ফরহাদ খান ও আরটিভির সাংবাদিক মোস্তফা কামালসহ পাঁচজনকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। ‘আলোকচিত্র প্রদর্শনী’তে সাংবাদিক, শিক্ষার্থী ও সৌখিন আলোকচিত্রীসহ বিভিন্ন পেশার ৪০ জন অংশগ্রহণ করেন। এছাড়া শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তিনটি বিভাগে ৫০জনকে পুরস্কৃত করা হয়েছে।

এস এম সুলতান শিশু চারু ও চারুকলা ফাউন্ডেশন এবং বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে সুলতান উৎসবের সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন-জেলা পরিষদ প্রশাসক বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক।

এ সময় উপস্থিত ছিলেন, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ অধ্যাপক হায়দার আলী দেওয়ান, খুলনা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক বিমানেশ চন্দ্র বিশ্বাস, নড়াইল সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু, এস এম সুলতান শিশু চারু ও চারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফ, সদস্য সচিব সসীম সরকার, এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জি, সহকারী কিউরেটর মেহেদী হাসান রানা, চিত্রশিল্পী নিখিল দাস, চিত্রশিল্পী ডিডি মল্লিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদ রহমানসহ সুলতানপ্রেমীরা।

এছাড়া সমাপনী অনুষ্ঠানে ‘ড্রামা সার্কেল’, নড়াইলের পরিবেশনায় ‘এখনও কৃতদাস’ নাটক মঞ্চস্থ করা হয়। এদিকে, আবৃত্তি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসহ গ্রামীণ মেলায় ব্যাপক লোক সমাগম লক্ষ্য করা গেছে।

গত শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টার দিকে সুলতান মঞ্চ চত্বরে দু’দিনব্যাপী সুলতান উৎসবের উদ্বোধন করা হয়।

বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় জন্মগ্রহণ করেন। ১৯৯৪ সালের ১০ অক্টোবর মৃত্যুবরণ করেন। ‘মাটি ও মানুষের চিত্রশিল্পী’ সুলতানকে নড়াইল শহরের কুড়িগ্রামে স্মৃতি সংগ্রহশালা চত্বরে চিরনিদ্রায় শায়িত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com