সোমবার, ২৭ Jul ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
এস এম আলমগীর কবির, নড়াইল প্রতিনিধি:: নড়াইল শহরে চিত্রা সেতুর প্রবেশমুখে উচ্চতা নিয়ন্ত্রণের লোহার বারে (হাইট ব্যারিয়ার) ধাক্কা লেগে চলন্ত নসিমন থেকে ছিটকে পড়ে মনির কাজী (৪৮) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছে। এ ঘটনায় মিলন খান নামে আরেক গরু ব্যবসায়ী আহত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) দুপুরে নড়াইল শহরের প্রবেশমুখে চিত্রা নদীর ওপর নির্মিত চিত্রা সেতুর প্রবেশমুখে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনির কাজী লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কোলা গ্রামের রুকন কাজীর ছেলে। আহত মিলন খান একই উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামের রাজ্জাক খানের ছেলে।
নিহতের স্বজন ও পুলিশ জানায়, মনির কাজী নিজ বাড়ি থেকে নসিমনের ওপর দাঁড়িয়ে যশোরের ভাংগুড়া গরুর হাটে যাচ্ছিলেন। দুপুর ১২টার দিকে নসিমনটি নড়াইল শহরতলির সীমাখালী এলাকায় চিত্রা সেতুতে ওঠার সময় বড় যানবাহন নিয়ন্ত্রণে স্থাপিত লোহার উচ্চতা নিয়ন্ত্রণ বারে তার মাথায় আঘাত লাগে। এতে তিনি ও সঙ্গে থাকা মিলন খান চলন্ত নসিমন থেকে ছিটকে সড়কে পড়ে যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মনির কাজীকে মৃত ঘোষণা করেন। আহত মিলন খান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করেছে। পরে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।