বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
এস এম আলমগীর কবির, নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়ায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ইটভাঙার ট্রলির ধাক্কায় মুত্তাকাব্বির সরদার (১৮) নামে এক ট্রলি চালক নিহত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) দুপুর ১২টার দিকে কালিয়া-নড়াইল সড়কের চাচুড়ি বাজারসংলগ্ন তুষার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুত্তাকাব্বির সরদার কালিয়া উপজেলার কদমতলা গ্রামের আজগর সরদারের ছোট ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চাচুড়ি বাজারের একটি দোকানের হার্ডওয়্যার সামগ্রী খালাসের জন্য নড়াইলমুখী একটি ট্রাক সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় মুত্তাকাব্বির তার এক সহকারীকে সঙ্গে নিয়ে বারইপাড়া থেকে কাজ শেষে ইটভাঙার ট্রলি চালিয়ে বাড়ি ফিরছিলো। পথে চাচুড়ি বাজারসংলগ্ন সেতু থেকে নামার সময় ট্রলিটির ব্রেক বিকল হয়ে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রলিচালক মুত্তাকাব্বির গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। তবে তার সঙ্গে থাকা সহকারী অক্ষত অবস্থায় রক্ষা পায়। দুর্ঘটনার খবর পেয়ে কালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।