বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বসছে আজ

একুশের কণ্ঠ অনলাইন:: আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে। এ অধিবেশনে সংসদীয় কমিটি গঠন এবং গুরুত্বপূর্ণ কয়েকটি বিল উত্থাপনকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

বুধবার (২৬ আগস্ট) গণমাধ্যমকে তিনি বলেন, বিরোধী দলের পক্ষ থেকে সদস্যদের নাম পাওয়ার পর সংশ্লিষ্ট সংসদীয় কমিটিগুলো চূড়ান্ত করা হবে। প্রাথমিকভাবে অধিবেশনটি ৫, ৭ অথবা ১০ দিন চলতে পারে। তবে সংসদীয় কার্যক্রমের প্রয়োজন অনুযায়ী এর মেয়াদ বাড়ানো হতে পারে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, তৃতীয় অধিবেশনে প্রায় ছয়টি গুরুত্বপূর্ণ বিল উত্থাপনের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে সম্পত্তি হস্তান্তর, গুম এবং মানবাধিকার সুরক্ষা সংক্রান্ত বিল উল্লেখযোগ্য।

সম্পত্তি হস্তান্তর সংক্রান্ত প্রস্তাবিত আইনে বাবা-মা জীবিত থাকা অবস্থায় সন্তানকে সম্পত্তি লিখে দিলেও ওই সম্পত্তির ভোগদখল ও ব্যবহারের অধিকার বাবা-মায়ের কাছে রাখার বিধান যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সম্পত্তি হস্তান্তরের পর বাবা-মায়ের প্রতি অবহেলা রোধ করাই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

এদিকে জুলাই সনদের ধারাবাহিকতায় সংবিধান সংশোধনের বিষয়টিও আলোচনায় রয়েছে। সংবিধান সংশোধনের জন্য ১৭ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠনের প্রস্তাব রয়েছে। প্রস্তাবিত কমিটিতে বিএনপি থেকে সাতজন, জামায়াত থেকে পাঁচজন এবং অন্যান্য ছোট দল থেকে সদস্য রাখার কথা রয়েছে। বিরোধী দলের সদস্যদের নাম পাওয়ার পর তাদেরও কমিটিতে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট এলাকায় সভা-সমাবেশ, মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে।

অধিবেশন চলাকালে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানিয়েছে প্রশাসন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা কোনো ধরনের বিশৃঙ্খলা দেখা দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

গুরুত্বপূর্ণ বিল উত্থাপন ও সংসদীয় কমিটি গঠনের পাশাপাশি প্রস্তাবিত সংবিধান সংশোধন নিয়ে আলোচনা- সব মিলিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন রাজনৈতিক ও আইন প্রণয়ন কার্যক্রমের দিক থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com