সোমবার, ২৯ Jun ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
লাইফস্টাইল ডেস্ক:: মিষ্টিপ্রেমীদের কাছে সন্দেশ একটি লোভনীয় নাম। সন্দেশ খেতে কে না পছন্দ করেন! আচ্ছা, আপনি কি কখনো পাকা আম দিয়ে সন্দেশ তৈরি করে খেয়েছেন? শুনতে একটু আলাদা মনে হচ্ছে, তাই না? আপনার বাড়িতে যদি পাকা আম থাকে, তাহলে আজই তৈরি করে খেতে পারেন সুস্বাদু পাকা আমের সন্দেশ। এটি তৈরিতে খুব বেশি উপকরণের প্রয়োজন নেই, আবার তৈরি করাও বেশ সহজ।
চলুন জেনে নেওয়া যাক পাকা আমের সন্দেশ তৈরির রেসিপি-
তৈরি করতে যা লাগবে
পাকা আম- ২টি, মাওয়া- ১০০ গ্রাম, গুঁড়া দুধ- ১ কাপ, ঘি- ২ চা চামচ, চিনি- ১ টেবিল চামচ।
যেভাবে তৈরি করবেন
আমের খোসা ছাড়িয়ে টুকরাগুলো ব্লেন্ড করে নিন। চুলায় রান্নার পাত্র বসিয়ে তাতে ঘি দিয়ে দিন। এরপর তাতে আম দিয়ে কিছুক্ষণ নাড়ুন। এবার তাতে চিনি, গুঁড়া দুধ ও মাওয়া দিয়ে দিন। চুলার জ্বাল কমিয়ে ঘনঘন নাড়তে থাকুন যেন লেগে না যায়। পাত্রের গায়ে ঘি ছেড়ে এলে নামিয়ে নিন। কিছুটা ঠান্ডা হয়ে এলে পছন্দসই আকৃতি দিয়ে পরিবেশন করুন।