শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

গাজীপুর জেলা প্রতিনিধি:: গাজীপুরের কাশিমপুরে একটি পোশাক কারখানার কার্টুন ও সুতার গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে। পথে রয়েছে আরও ১টি ইউনিট।

শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার শৈলান এলাকায় সুপ্রিম গার্মেন্টসের কার্টন ও সুতার গোডাউনে এ আগুন লাগে।

কাশিমপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আগুন লাগার খবর পেয়ে কাশিমপুর মিনি ফায়ার সার্ভিস স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের ভয়াবহতা বাড়লে সারাবো ফায়ার সার্ভিস স্টেশনের আরও ৩টি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। সবশেষ আরও ৩টি ইউনিট যুক্ত হয়ে মোট ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পথে রয়েছে আরও ১টি ইউনিট।

তিনি আরও বলেন, আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। কারখানার ভেতরে প্রচুর খালি কার্টন থাকায় আগুনের ভয়াবহতা বেড়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com