রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:২০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার খালিয়াজুরী থেকে ঃ
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার লেপসিয়ায় মাদকবিরোধী র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে । রবিবার বিকেলে ২নং চাকুয়া ইউনিয়নে নবগঠিত মাদক নির্মূল কমিটি সার্বিক সহযোগিতা করে এবং র্যালির আয়োজন করেন। “মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে ২নং চাকুয়া এলাকার সাধারণ জনতার উদ্যোগে কর্মসূচিটি বাস্তবায়িত হয়।
র্যালীটি লেপসিয়া বাজারের প্রধান প্রধান রাস্তায় প্রদক্ষিণ করে। র্যালীতে বিএনপির নেতা তাহের মিয়া, বিএনপির বিভিন্ন সংগঠনের নেতা জামাল মিয়া, সঞ্জুল হক, রবি আওয়ালসহ আরও অনেকেই অংশগ্রহণ করেন। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামী’র ইউনিয়ন নেতা সেলিম কাঞ্চন, জামাতের বিভিন্ন সংগঠনের নেতা আওয়াল, আলি আহমেদসহ আরও অনেকেই, স্থানীয় ইমামগণ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে যুক্ত হন। হাতে ব্যানার নিয়ে অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
পথসভায় বক্তারা বলেন, মাদক একটি সমাজবিধ্বংসী ব্যাধি, যা যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তারা মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা আরও বলেন, পরিবার, সমাজ এবং প্রশাসনের সমন্বিত উদ্যোগ ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়।
অনুষ্ঠানে বক্তারা প্রতিশ্রুতি দেন, ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে এবং একটি মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। স্থানীয় বাসিন্দারা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত এ ধরনের কর্মসূচি আয়োজন করা হলে সমাজ থেকে মাদক নির্মূল করা অনেকাংশে সহজ হবে।