বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

খালিয়াজুরীতে ইয়াবা কারবারিকে ৬ মাসের কারাদণ্ড

মাঈন উদ্দিন,খালিয়াজুরী (নেত্রকোণা) প্রতিনিধি:: নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় মাদকবিরোধী অভিযানে এক ইয়াবা কারবারিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি উপজেলার চাকুয়া ইউনিয়নের রানীচাপুর গ্রামের বাসিন্দা মোঃ মাসুক মিয়া (৪৫)। তিনি গিয়াস উদ্দিনের ছেলে।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও খালিয়াজুরী থানা পুলিশের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মাসুক মিয়ার বাড়িতে তল্লাশি চালিয়ে ইয়াবা সেবন ও বিক্রির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাসুক মিয়া এলাকায় ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে স্থানীয়ভাবে একাধিক অভিযোগ থাকলেও এবার প্রশাসনের অভিযানে তিনি হাতেনাতে ধরা পড়েন।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাদির হোসেন শামীম। এ সময় খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসিরউদ্দিনসহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুক মিয়া মাদক সেবন ও বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট থাকার কথা স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করা হয়।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসিরউদ্দিন বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। উপজেলার কোথাও মাদক কারবার সহ্য করা হবে না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাদির হোসেন শামীম বলেন, মাদক নির্মূলে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। মাদকমুক্ত খালিয়াজুরী গড়ে তুলতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com