বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
প্রধান অতিথি হিসেবে পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে আজ ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান করা হবে।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল ৪টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ বছর স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষায় বিশেষ অবদানের জন্য প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়া-কে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।
ব্যক্তি পর্যায়ে পুরস্কারের জন্য মনোনীত অন্যদের মধ্যে রয়েছেন-মুক্তিযুদ্ধে অবদানের জন্য মেজর মোহাম্মদ আবদুল জলিল (মরণোত্তর), বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জহুরুল করিম, সাহিত্যে আশরাফ সিদ্দিকী (মরণোত্তর), সংস্কৃতিতে হানিফ সংকেত, সংগীতে বশীর আহমেদ (মরণোত্তর), ক্রীড়ায় জোবেরা রহমান (লিনু), সমাজসেবায় জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর) এবং মো. সাইদুল হক।
এছাড়া অন্যান্য ক্ষেত্রে অবদানের জন্য মনোনীত হয়েছেন—মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহত শিক্ষক মাহেরীন চৌধুরী (মরণোত্তর), জনপ্রশাসনে কাজী ফজলুর রহমান (মরণোত্তর), গবেষণা ও প্রশিক্ষণে মোহাম্মদ আবদুল বাকী, অধ্যাপক এম এ রহিম ও অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া। পরিবেশ সংরক্ষণে অবদানের জন্য পুরস্কার পাচ্ছেন আবদুল মুকিত মজুমদার (মুকিত মজুমদার বাবু)।
প্রতিষ্ঠান পর্যায়ে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত হয়েছে—ফৌজদারহাট ক্যাডেট কলেজ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন, এসওএস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ এবং গণস্বাস্থ্য কেন্দ্র।
স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়। ১৯৭৭ সাল থেকে প্রতিবছর স্বাধীনতা দিবসের প্রাক্কালে এ পুরস্কার দিয়ে আসছে সরকার।
পুরস্কারপ্রাপ্ত প্রত্যেক ব্যক্তি পাবেন ৫ লাখ টাকা, ১৮ ক্যারেট মানের ৫০ গ্রাম স্বর্ণপদক, একটি রেপ্লিকা ও সম্মাননাপত্র।