মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে নবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদন:: দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীদের নাশকতা, সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে ঢাকার নবাবগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা বিএনপি।

সোমবার বিকেল পৌণে ৫টায় শহীদ মিনার থেকে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা এ কর্মসূচিতে অংশ নেন।

মিছিল শেষে শহীদ মিনার চত্বরে সমাবেশে বিএনপির নেতারা বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার পরও দলটির নেতা-কর্মীরা বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল, নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছেন। এসব কর্মকাণ্ডের মাধ্যমে দেশে আবারও অস্থিরতা তৈরির চেষ্টা করা হচ্ছে বলে তাঁরা অভিযোগ করেন।

বক্তারা বলেন, জনগণের জানমাল ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় বিএনপির নেতা-কর্মীরা রাজপথে সতর্ক থাকবেন। কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতার চেষ্টা হলে তা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। একই সঙ্গে তাঁরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নাশকতার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

বিক্ষোভ সমাবেশে উপজেলা বিএনপির জেষ্ঠ্য সহসভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, বিএনপির নেতা এম হাসান লিটু, লেলিন আহমেদ, শওকত হোসেন, সেনটু মোল্লা, জামাল হোসেন, যুবদলের সাবেক উপজেলা সভাপতি মহসীন রহমান (আকবর), শাহিনুর রহমান, মোক্তার হোসেন, দুর্জয় সোহেল, মোজাহিদ খান, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা সভাপতি ইসতিয়াক চৌধুরী, নারী নেত্রী শাহিনুর আলম, বিলকিস চৌধুরী, স্বেচ্ছাসেবকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এসময় তাঁরা বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন।

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে ঝটিকা মিছিল ও অন্যান্য কর্মসূচির খবর এসেছে। এর পরিপ্রেক্ষিতে বিএনপিও দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি পালন করছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com