সোমবার, ১৮ মে ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, ঢাকা, অর্থ ও বাণিজ্য ডেস্ক ॥
রাজধানীর কুড়িলের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আগামী ৭ মে থেকে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী কৃষি ও খাদ্য বিষয়ক মেগা আন্তর্জাতিক প্রদর্শনী। ‘সেমস-গ্লোবাল ইউএসএ’-এর আয়োজনে এই প্রদর্শনীতে অংশ নিচ্ছে বিশ্বের ১৫টিরও বেশি দেশের শতাধিক প্রতিষ্ঠান।
সোমবার (২৭ এপ্রিল) সেমস বাংলাদেশের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট ও গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম।
প্রদর্শনীর বিস্তারিত সূচি
আগামী ৭ মে শুরু হয়ে এই প্রদর্শনী চলবে ৯ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য প্রদর্শনী উন্মুক্ত থাকবে। আইসিসিবির বিভিন্ন হলে কৃষি ও খাদ্য খাতের পৃথক চারটি প্রদর্শনী একযোগে অনুষ্ঠিত হবে:
৯ম ফুড বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬ (গুলনকশা হল)
৯ম এগ্রো বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬ (পুষ্পগুচ্ছ হল)
৯ম পোল্ট্রি অ্যান্ড লাইভস্টক বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬ (পুষ্পগুচ্ছ হল)
৬ষ্ঠ ফুড প্যাক এক্সপো ২০২৬ (গুলনকশা হল)
বৈশ্বিক প্রযুক্তি ও ব্যবসার মেলবন্ধন
আয়োজকরা জানান, প্রদর্শনীটি সংশ্লিষ্ট শিল্পের ক্রেতা ও বিক্রেতাদের জন্য একটি ‘ওয়ান স্টপ প্ল্যাটফর্ম’ হিসেবে কাজ করবে। এতে বাংলাদেশ, ভারত, চীন, পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, ব্রাজিল, থাইল্যান্ড, সুইজারল্যান্ড, জাপান, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাতসহ ১৫টিরও বেশি দেশের ১৬০টির বেশি বুথ থাকছে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, প্রদর্শনীর পাশাপাশি আন্তর্জাতিক সেমিনার এবং কফি বিন ও যন্ত্রপাতি নিয়ে তৃতীয়বারের মতো ‘কফি ফেস্ট’ অনুষ্ঠিত হবে। কফি ফেস্টে থাকবে আকর্ষণীয় বারিস্তা প্রতিযোগিতা।
অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহ
কৃষি প্রদর্শনীতে: আকিজ অ্যাগ্রো অ্যান্ড লাইভস্টক, নাবিল গ্রুপ, এমএইচ ধানমন্ডি, অ্যাগ্রো মেশিনারি ইন্ডাস্ট্রি, ট্রেড গ্লোবাল ও থাকরাল ইনফরমেশন সিস্টেমস উল্লেখযোগ্য।
খাদ্য প্রদর্শনীতে: শিলাইদহ ডেইরি, মধুমতি অ্যাগ্রো, রুনচা, পুরো ফুডস, প্যারাগন ইন্টারন্যাশনাল, হামদর্দ ল্যাবরেটরিজ, কিভা হান এবং নেসলে বাংলাদেশসহ শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো অংশ নিচ্ছে।
রপ্তানি আদেশের সাফল্য
ইতোমধ্যে প্রদর্শনীর অংশ হিসেবে সেমস-গ্লোবাল ও সুইস কন্টাক্টের ‘বাইটস প্রজেক্ট’ যৌথভাবে চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে সপ্তাহব্যাপী ‘অ্যাগ্রো প্রসেসিং গ্লোবাল গেটওয়ে’ আয়োজন করে। নেদারল্যান্ডস দূতাবাসের সহযোগিতায় আয়োজিত এই কার্যক্রমে ফ্রান্স, ভারত ও শ্রীলঙ্কার বায়াররা অংশ নেন এবং বাংলাদেশ থেকে কৃষিপণ্য রপ্তানির বড় অংকের ক্রয়াদেশ প্রদান করেন।