শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ জামিন পেয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন । তিনি দুর্নীতি ও করোনা সার্টিফিকেট জালিয়াতির ৯৬ মামলায় অভিযুক্ত ও সাজাপ্রাপ্ত আসামি ।
বুধবার রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হন তিনি । তার বিরুদ্ধে দায়ের করা ৯৬টি মামলাতেই জামিন পেয়েছেন তিনি ।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে ।
সূত্র জানায়, ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক সাহেদের বিরুদ্ধে মোট ৯৬টি মামলা ছিল । এর মধ্যে পাঁচটি মামলায় তিনি সাজাপ্রাপ্ত আসামি । সবকটি মামলাতেই জামিন পাওয়ায় তাকে মুক্তি দেওয়া হয়েছে ।
আরও জানা যায়, বুধবার সর্বশেষ উত্তরা পশ্চিম থানার একটি অস্ত্র মামলায় সাহেদ জামিন পান । আদেশের কপি কারাগারে এলে তা যাচাই-বাছাই শেষে তাকে কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেওয়া হয় ।
২০২০ সালের ১৫ জুলাই সাহেদকে সাতক্ষীরা থেকে গ্রেফতার করে র্যাব । এরপর তার বিরুদ্ধে প্রতারণা, অনিয়মের নানা অভিযোগ সামনে আসতে থাকে । পরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সাহেদ ও তার সহযোগীদের বিরুদ্ধে একের পর এক মামলা হয় ।