সোমবার, ১৮ মে ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: ইসলামের পঞ্চ স্তম্ভের অন্যতম ইবাদত হলো হজ। চাঁদের হিসাবে জিলহজ মাসের ৯ তারিখ থেকে ইহরাম বেঁধে আরাফার মাঠে অবস্থানসহ কয়েকটি নির্দিষ্ট স্থানে নির্ধারিত কিছু আমল করে কাবাঘর তাওয়াফ করতে হয় হজের মাধ্যমে। এবার সৌদি আরবের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে ১৭ মে। এর ফলে সোমবার (১৮ মে) থেকে দেশটিতে পবিত্র জিলহজ মাস গণনা শুরু হচ্ছে। সে হিসেবে আগামী মঙ্গলবার (২৬ মে) অনুষ্ঠিত হবে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা ‘ইয়াওমে আরাফা’। আর পরদিন বুধবার (২৭ মে) দেশটিতে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা।
রোববার (১৭ মে) সন্ধ্যায় সৌদি আরবের চাঁদ দেখা কমিটি জিলহজ মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে। পরে আনুষ্ঠানিকভাবে হজ ও ঈদুল আজহার তারিখ ঘোষণা করা হয়।
ইসলাম ধর্মাবলম্বীদের জন্য হজ অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। হিজরি ক্যালেন্ডারের জিলহজ মাসের ৯ তারিখ ‘ইয়াওমে আরাফা’ হিসেবে পালিত হয়, যা হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হিসেবে বিবেচিত।
এদিন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত লাখো মুসল্লি আরাফাতের ময়দানের ঐতিহাসিক আরাফাতের ময়দানে সমবেত হন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, আরাফাতের ময়দানে অবস্থান হজের মূল রুকন। মহান আল্লাহর সন্তুষ্টি লাভ ও আত্মশুদ্ধির আশায় হাজিরা সেখানে দিনব্যাপী ইবাদত-বন্দেগিতে মগ্ন থাকেন।
এরপর জিলহজ মাসের ১০ তারিখ মুসলিম বিশ্বে উদযাপিত হয় পবিত্র ঈদুল আজহা। ত্যাগের মহিমায় ভাস্বর এই উৎসবে সামর্থ্যবান মুসলমানরা মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি করেন।
এদিকে হজকে কেন্দ্র করে ইতোমধ্যে সৌদি আরবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখো হাজির সমাগম ঘটেছে। হজ ব্যবস্থাপনা নির্বিঘ্ন করতে নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও পরিবহন ব্যবস্থায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে সৌদি কর্তৃপক্ষ।