শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
১ নভেম্বর থেকে সব ধরনের পলিথিন ব্যাগ নিষিদ্ধ নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: নিষিদ্ধ হচ্ছে পলিথিন জাতীয় সব ধরনের ব্যাগ। আগামী ১ নভেম্বর থেকে এই কার্যক্রম বাস্তবায়ন করতে যাচ্ছে অন্তর্বতী সরকার। কোনো ক্রেতাকে এ ব্যাগ দেওয়া যাবে না। পলিথিনের বিকল্প হিসেবে প্রতিটি সুপারশপ বা শপের সামনে পাট ও কাপড়ের ব্যাগ রাখা হবে ক্রেতাদের জন্য।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
তিনি জানান, পলিথিন ব্যাগ নিষিদ্ধ কার্যক্রমে কাঁচা বাজার ও পলিথিন উৎপাদন কারখানায় অভিযান চালানো হবে।
এর আগে গত ৯ সেপ্টেম্বর সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছিলেন, আগামী ১ অক্টোবর থেকে সুপারশপে কোনো ধরনের পলিথিন বা পলিপ্রপিলিনের ব্যাগ রাখা যাবে না। এমনকি ক্রেতাদের এ ধরনের ব্যাগ দেওয়াও যাবে না।
পরিবেশ উপদেষ্টা জানান, পলিথিনের বিকল্প হিসেবে প্রতিটি সুপারশপ বা শপের সামনে পাট ও কাপড়ের ব্যাগ রাখা হবে ক্রেতাদের জন্য।
এ উদ্দেশে ১৫ সেপ্টেম্বর থেকে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ১ অক্টোবরের শপিং ব্যাগ নিষিদ্ধের ব্যাপারে ব্যাপকভাবে প্রচারণা চালানোর কথাও জানিয়েছিলেন সৈয়দা রিজওয়ানা হাসান। একইসঙ্গে পত্রিকায় এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশের কথাও জানিয়েছিলেন তিনি।
এবার পলিথিন ব্যাগ নিষিদ্ধের বিষয়টি বাস্তবায়নে সব ধরনের কাঁচা বাজারেও অভিযান পরিচালনা করা হবে। একইসঙ্গে এ ধরনের ব্যাগ যেন আর উৎপাদন না হয়, সেজন্য কারখানাগুলোয়ও অভিযান চালানো হবে।