শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: সারা দেশে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরো ২ জনের মৃত্যু হয়েছে। এসময়ে নতুন করে ১ হাজার ৬৯ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত হাম ও উপসর্গে মোট ৪৫৩ জনের মৃত্যু হয়েছে।
শনিবার (১৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগে ২ জনের মৃত্যু হয়েছে। আরো বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৪৫৩ জনের মৃত্যু হয়েছে।
এদিকে, সারা দেশে গত একদিনে নতুন করে ১০৮ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরো ৯৬১ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত মোট ৫৬ হাজার ৫৭২ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ৭ হাজার ৫২৪ জনের হাম শনাক্ত হয়েছে। হামের প্রকোপ ৩-৪ সপ্তাহের মধ্যে কমে যাওয়ার আশা চিকিৎসকদের।
স্বাস্থ্য অধিদপ্তর অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৪১ হাজার ২৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৩৬ হাজার ৬৪৫ জন ছাড়পত্র পেয়েছেন।