বৃহস্পতিবার, ০৪ Jun ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: সারা দেশে হাম এবং এর উপসর্গ নিয়ে গত ১৫ মার্চ থেকে আড়াই মাসে শিশুমৃতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৬০৫।
বৃহস্পতিবার (৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশের হাম পরিস্থিতির এই সর্বশেষ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ১৩৯ জনের শরীরে হামের লক্ষণ বা উপসর্গ পাওয়া গেছে। এই সময়ে ল্যাবরেটরি পরীক্ষায় ৬৯ জনের শরীরে নিশ্চিতভাবে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে।
এ নিয়ে সারা দেশে এ পর্যন্ত সরকারিভাবে নিশ্চিত হওয়া হাম রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ২৬০।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বর্তমানে দেশজুড়ে হামের উপসর্গ রয়েছে এমন শিশুর সংখ্যা ৭৫ হাজার ৭০৮। পরিস্থিতি বিবেচনায় এ পর্যন্ত হামের সন্দেহভাজন লক্ষণ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৬১ হাজার ১৯৪ জন রোগী। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছে ৫৭ হাজার ৪৩ জন।
শিশুদের মধ্যে হামের বর্তমান ঊর্ধ্বমুখী প্রকোপ উদ্বেগ প্রকাশ করে বিশেষজ্ঞরা আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসকের নিয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন। শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করার ওপরও জোর দিচ্ছেন তারা।