শনিবার, ২৩ মে ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

স্থানীয় নির্বাচনের রোডম্যাপ নির্ধারণে অংশীজনদের সঙ্গে সংলাপে বসছে ইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ॥
দীর্ঘদিন ধরে ঝুলে থাকা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নতুন তৎপরতা শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রায় দুই বছর ধরে দেশের অধিকাংশ স্থানীয় সরকার প্রতিষ্ঠান জনপ্রতিনিধিশূন্য থাকায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই রাজনৈতিক মহলে এই নির্বাচন নিয়ে তুমুল আলোচনা চলছে। এমনকি নির্দলীয়ভাবে এই ভোট হওয়ার আভাস পেয়ে অনেক দল ইতিমধ্যে তাদের প্রার্থীর নামও ঘোষণা করা শুরু করেছে।

এই পরিস্থিতিতে সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা নাকি ইউনিয়ন পরিষদ-কোন নির্বাচনটি আগে আয়োজন করা জনস্বার্থে বেশি জরুরি ও উপযোগী হবে, তা নির্ধারণ করতে রাজনৈতিক দল, সুশীল সমাজ, নির্বাচন বিশ্লেষকসহ সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সংলাপে বসার পরিকল্পনা করছে ইসি। সবার মতামত নিয়ে একটি সর্বজনগ্রাহ্য সিদ্ধান্তে পৌঁছানোই কমিশনের মূল লক্ষ্য।

নির্বাচন উপযোগী ৪ হাজারেরও বেশি প্রতিষ্ঠান
ইসি সচিবালয় সূত্রে জানা গেছে, দেশের ৪ সহস্রাধিক ইউনিয়ন পরিষদ, তিন শতাধিক পৌরসভা, পাঁচ শতাধিক উপজেলা পরিষদ, পার্বত্য অঞ্চল বাদে ৬১টি জেলা পরিষদ এবং ১৩টি সিটি করপোরেশন বর্তমানে নির্বাচন উপযোগী অবস্থায় রয়েছে। তবে এই বিশাল কর্মযজ্ঞের আগে বিদ্যমান আইন ও বিধিমালা সংস্কার করা প্রয়োজন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন নির্বাচন কমিশনার জানিয়েছেন:
“স্থানীয় সরকার নির্বাচনের আগে আমাদের আইন সংশোধন করতে হবে। এরপরই চূড়ান্ত হবে কোন নির্বাচনটি কখন অনুষ্ঠিত হবে। এখনই আমরা নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের নির্বাচন নিয়ে ভাবছি না, তবে প্রয়োজনে অংশীজনদের মতামত নিতে আমরা সংলাপে বসতে পারি। হয়তো খুব বড় পরিসরে না হলেও, কমিশনের পক্ষ থেকে এই আলোচনার উদ্যোগ নেওয়া হবে।”

৬ মাসের মধ্যে ভোটের মাঠে নামার প্রস্তুতি
সংসদ নির্বাচন শেষ হওয়ার তিন মাস পার হলেও এবং অন্তর্বর্তী সরকারের মেয়াদেও স্থানীয় সরকারের কোনো ভোট না হওয়ায় এক ধরনের স্থবিরতা বিরাজ করছে। এই অচলাবস্থা কাটাতে সরকারের উচ্চপর্যায়ের সঙ্গেও আলোচনা করবে কমিশন।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সাংবিধানিক এই সংস্থাটি আগামী পাঁচ থেকে ছয় মাসের মধ্যে প্রয়োজনীয় আইন ও বিধিমালা সংস্কারের কাজ শেষ করে সরাসরি ভোটের মাঠে নামতে চায়। এই লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে ইসির ‘আইন ও বিধি সংশোধন সংস্কার কমিটি’ ইতিমধ্যে তাদের প্রথম দফার বৈঠক সম্পন্ন করেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com