শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধিঃ
মেয়েদের স্কুল-কলেজের সামনে বখাটেদের দেখলেই কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। বুধবার দুপুরে নবাবগঞ্জ উপজেলার সেন্ট ইউফ্রেজীস্ বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি একথা বলেন। এসময় বিদ্যালয়ে বিভিন্ন সমস্যার কথা জেনে দ্রুত সমাধানের আশ্বাস দেন এমপি।
খন্দকার আবু আশফাক বলেন, আমার কাছে অভিযোগ এসেছে মেয়েরা স্কুলে যাওয়ার পথে ও আসার পথে বখাটেরা তাদের ডিস্টাব করে। এমনকি তারা স্কুলের সামনে এসে আড্ডা দেয়। এদেরকে আইনের আওতায় আনতে হবে। বখাটে যে দলেরই হোক এদের ছাড় দেওয়া যাবে না। এসময় তিনি উপস্থিত নবাবগঞ্জ থানার ওসিকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
জনগণই সকল ক্ষমতার উৎস মন্তব্য করে খন্দকার আবু আশফাক এমপি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সকল এমপিকে জনগণের শাসক নয়, সেবক হয়ে কাজ করতে বলেছেন। আমরা শাসক নয়, জনগণের সেবক হয়েই কাজ করতে চাই। তিনি বলেন, তারেক রহমানের মত একজন সাদামনের মানুষকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে পেয়েছি। তিনি সাধারণ মানুষের মত চলাফেরা করতে পছন্দ করেন। তিনি আমাদের শিখিয়েছেন পিছনে না তাকিয়ে সামনে তাকাতে হবে। বিগত সরকার কি করেছে এটা না ভেবে আমরা দেশের জন্য কি করতে পারি এটা জনগণকে দেখাতে হবে। এমপি আরো বলেন, দোহার নবাবগঞ্জে কোন অপরাধীর স্থান নেই। অপরাধি কোন দলের হতে পারে না, তাদের পরিচয় তারা অপরাধি। যারা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ব্যবসায়ীর সাথে জড়িত হবে তাদের আইনের আওতায় আনতে হবে।

এর আগে এমপি বিদ্যালয়ে এলে তাকে ফুল ও নৃত্যের মাধ্যমে বরণ করে নেওয়া হয়। এমপিকে কাছে পেয়ে উল্লাসে ফেটে পড়েন শিক্ষার্থীরা। শত শত ছাত্রীরা তাঁকে ঘিরে হাসি উল্লাস করে ছবি তুলতে মেতে উঠে।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ সিস্টার হিমানী এলিজাবেথ রোজারিও’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি আবু শফিক খন্দকার মাসুদ, বান্দুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হিল্লাল মিয়া, শিক্ষানুরাগী ডা. রফিকুল ইসলাম, নবাবগঞ্জ থানার ওসি মো. আবু হানিফ, বান্দুরা ইউনিয়ন বিএনপির সভাপতি সজিবর রহমান ও প্রতিষ্ঠানের গভনির্ং বডির অভিভাবক প্রতিনিধি ইমরান হোসেন সুজন। এরপর বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজ এবং দোহার নবাবগঞ্জ সরকারি কলেজে শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এমপি। বিকালে ঢাকার দোহারের নারিশা গোডাউনে সরকারি ধান ক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন খন্দকার আবু আশফাক এমপি। এসময় দোহার উপজেলা নিবার্হী কর্মকর্তা মাইদুল ইসলাম, সহকারি কমিশনার(ভূমি) তাসফিক সিগবাত উল্লাহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কুতুব উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।