মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: চলতি বছরে পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৬৯টি হজ ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৬৫ হাজার ৫৯২ জন হজযাত্রী। অন্যদিকে, আরো একজন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এ নিয়ে মোট ১৮ বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন।
মঙ্গলবার (১৯ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়।
সর্বশেষ মৃত্যুর ঘটনা ঘটে রবিবার (১৭ মে)। ফেনীর সোনাগাজীর সাজেদা বেগম (৫৬) মক্কায় মারা যান। তিনি বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ছিলেন।
মৃতদের মধ্যে ১৩ জন পুরুষ এবং ৫ জন নারী। এর মধ্যে ১৩ জন মক্কায় এবং ৫ জন মদিনায় মারা গেছেন।
এ বছর হজযাত্রী পরিবহনে এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৮৬টি, সৌদি এয়ারলাইনসের ৬১টি ও ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইট পরিচালিত হয়েছে।
আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের জন্য নিবন্ধিত হয়েছেন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন।
গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলতি বছরের হজ ফ্লাইট কার্যক্রম উদ্বোধন করেন তারেক রহমান।
হজ ফ্লাইট চলবে আগামী ২১ মে পর্যন্ত। ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং শেষ হবে ৩০ জুন।